পুবের কলম ওয়েব ডেস্ক: কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস সংক্রান্ত মামলায় বুধবারও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হল না সুপ্রিম কোর্টে। তবে মামলাটি কলকাতা হাই কোর্টে ফেরত পাঠানোর প্রস্তাব দিয়েছে দেশের শীর্ষ আদালত। একইসঙ্গে জানানো হয়েছে, যত দিন পর্যন্ত হাই কোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার অবস্থান স্পষ্ট না হচ্ছে, তত দিন পুরভোট করা যাবে না। বুধবার সকালে সুপ্রিম কোর্টে মামলাটি শুনানির জন্য উঠলেও কোনও অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া হয়নি। আগামী সোমবার ফের এই মামলার শুনানি রয়েছে এবং সেদিন রাজ্য সরকারের বক্তব্য শোনা হবে বলে জানা গিয়েছে।


রাজ্যে পালাবদলের পর থেকেই পুরসভা ভোট কবে হবে তা নিয়ে চর্চা শুরু হয়েছিল। রাজ্য সরকার ডিসেম্বরের মধ্যেই কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন করাতে আগ্রহী ছিল এবং সেই অনুযায়ী দুই পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়। এতে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯টি এবং হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বেড়ে ৬৮টি হয়। কিন্তু নিয়ম বহির্ভূতভাবে এই পুনর্বিন্যাস করা হয়েছে—এমন অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। হাওড়া পুরসভার ওয়ার্ড বিন্যাস সংক্রান্ত মামলাটি এখনও হাই কোর্টে বিচারাধীন রয়েছে।

কলকাতা পুরসভার মামলায় হাই কোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, মূল মামলাটি সিঙ্গল বেঞ্চে বিচারাধীন থাকায় তার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোট করা যাবে না। হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে সোমবার মামলাটির শুনানি হয়েছিল। রাজ্যের হয়ে সওয়াল করেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। সেদিন আদালত প্রশ্ন তুলেছিল, যে পুরবোর্ডের কোনও অস্তিত্ব নেই, সেখানে পুর প্রশাসক কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ করতে পারেন?
সোমবার মামলার শুনানিতে স্থগিতাদেশ চেয়েছিলেন তুষার মেহতা।
বুধবার ফের শীর্ষ আদালতে মামলাটির শুনানি শুরু হলে তা কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে পাঠানোর প্রস্তাব দেয় সুপ্রিম কোর্ট। হাই কোর্টের ডিভিশন বেঞ্চ সব দিক খতিয়ে না দেখেই রায় দিয়েছে—এই বক্তব্য মেনে নেন বিচারপতি জয়মাল্য বাগচি। শীর্ষ আদালত চাইছে, কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ সব দিক খতিয়ে দেখে ফের নতুন নির্দেশ দিক এবং সিঙ্গল বেঞ্চে থাকা মূল মামলাটিও ডিভিশন বেঞ্চে স্থানান্তরিত করা হোক। যদিও মামলাটি হাই কোর্টে ফেরানোর প্রস্তাবে তীব্র আপত্তি জানিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং তাঁর বক্তব্য শোনার আর্জি জানিয়েছেন। আগামী সোমবার পরবর্তী শুনানিতে রাজ্যের তরফে তুষার মেহতার বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট।