পুবের কলম ওয়েব ডেস্ক: ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরির প্রস্তাব প্রত্যাখ্যান করে উত্তাল বাংলাদেশের পোশাকশিল্প। গাজীপুর ও ঢাকার সাভারের হেমায়েতপুর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে ইতিমধ্যেই মোট ৮৭টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এরই মধ্যে শেখ হাসিনার প্রত্যাবর্তনের আবহে রাজনৈতিক অশান্তিও অব্যাহত রয়েছে পদ্মাপারে। খুলনায় দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন এক আওয়ামি লিগ নেতা। সব মিলিয়ে এই জোড়া অস্বস্তিতে চরম চাপে পড়েছে তারেক রহমানের সরকার।
পোশাক খাতে টানা অসন্তোষের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর ছয় সদস্যের ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠন করেছিল সরকার। মঙ্গলবার রাত ২টো পর্যন্ত চলা বৈঠকে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে ঐকমত্য না হওয়ায় ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরি চূড়ান্ত করা হয়।

বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, শ্রমিকদের তরফে ন্যূনতম ১৮ হাজার টাকা মজুরির চূড়ান্ত প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ছয় সদস্যের ভোটে চারটি ভোট ১৭ হাজার টাকার পক্ষে এবং দুটি ভোট ১৮ হাজার টাকার পক্ষে পড়ায় ১৭ হাজার টাকাই চূড়ান্ত হয়। যদিও এই প্রস্তাব মেনে নেননি গাজীপুরের পোশাকশ্রমিকরা। মালিকপক্ষের অভিযোগ, আন্দোলনের নামে হামলা ও ভাঙচুর চালানো হচ্ছে। বুধবার গাজীপুরের শ্রীপুর শিল্পাঞ্চলে হামলা ও ভাঙচুরের জেরে অন্তত ২০টি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ঘটনায় বেশ কয়েকজন আহত হন, পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে। গাজীপুর শিল্প পুলিশ সুপার মহম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ভোগড়া ও নাওজোড় এলাকায় শ্রমিকরা কিছুটা সমস্যা সৃষ্টি করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
অন্যদিকে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে বুধবার সকাল ন’টা নাগাদ সাভারের হেমায়েতপুরের বাগবাড়ি মোড় এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের খণ্ডযুদ্ধ বাধে। কয়েকটি কারখানার সামনে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশ টিয়ারগ্যাস ছোড়ে।
শ্রমিক বিক্ষোভের পাশাপাশি রাজনৈতিক অশান্তিও চরমে পৌঁছেছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মাত্র ৯ ঘণ্টার ব্যবধানে খুলনার পাঁচটি পৃথক স্থানে গুলি চলে। রাত ৮টা নাগাদ নগরীর দৌলতপুর কল্পতরু মার্কেট এলাকায় দুষ্কৃতীদের গুলিতে নিহত হন ৪৫ বছর বয়সি শেখ আবদুল হালিম। তিনি দৌলতপুর থানার দেয়ানা ৪ নম্বর ওয়ার্ড আওয়ামি লিগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। আওয়ামি-বিরোধী গোষ্ঠীর লোকজনই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, নিরাপত্তার কারণে গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন চলাচল এবং পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা এখনই চালু করা হচ্ছে না। পাশাপাশি গোপালগঞ্জে স্থানীয় সরকার মন্ত্রকের অধীনে থাকা বিভিন্ন সরকারি বরাদ্দও আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তারেক সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুধুমাত্র গোপালগঞ্জেই ৫৬ প্ল্যাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং কক্সবাজারে মোতায়েন করা হয়েছে আরও ৫২ প্ল্যাটুন বিজিবি।
সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে রীতিমতো ত্রস্ত তারেক রহমান সরকারের প্রশাসন। ডিসেম্বর মাসের নির্দিষ্ট দিনে শেখ হাসিনা সত্যিই দেশে ফিরবেন কি না, এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। রাজনৈতিক মহলের মতে, আওয়ামি লিগকে নিষিদ্ধ করা হলেও এবং মুজিবকন্যা দেশছাড়া থাকলেও তিনি আজও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী—এ কথা বাংলাদেশের প্রধানমন্ত্রীও জানেন। কোনওভাবে একবার তিনি দেশে প্রবেশ করলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে, আর সেই আশঙ্কাতেই রাতের ঘুম উড়েছে বিএনপি সরকারের।