পুবের কলম ওয়েব ডেস্ক: বুধবার কোচবিহারের এমজেএন স্টেডিয়ামে রাসমেলার উদ্বোধনী মঞ্চ থেকে অনুপ্রবেশকারীদের রুখতে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মঞ্চ থেকেই জেলার পুলিশ সুপার মণীশ যোশীকে এই বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন তিনি।
পুলিশ সুপারকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, কোচবিহার জেলায় বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে যে রাস্তা দিয়ে তারা এসেছে, সেই রাস্তা দিয়েই ফেরত পাঠাতে হবে এবং তাড়াতে হবে। তবে যাঁরা ধর্ম ও প্রাণ বাঁচাতে এসেছেন, তাঁরা অনুপ্রবেশকারী নন, বরং শরণার্থী—এ কথা স্পষ্ট করে দিয়ে তাঁদের বাঁচানো ও আশ্রয় দেওয়ার কথা বলেন তিনি।

পাশাপাশি বিএসএফকে জমি হস্তান্তরের প্রসঙ্গ তুলে বিএসএফের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।
সীমান্ত এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানান, বর্ডার এলাকায় অবৈধ মাদ্রাসা, গাঁজা, নকল নোট এবং মাদক পাচার সম্পূর্ণ বন্ধ করতে হবে। একইসঙ্গে বিরোধী দলনেতা থাকাকালীন খাগড়াবাড়িতে তাঁর গাড়ির ওপর হামলার প্রসঙ্গ তুলে কড়া হুঁশিয়ারি দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, তিনি অনেক সহ্য করেছেন এবং ওই হামলার সব ছবি তাঁর কাছে রয়েছে।
এবার উন্নয়নও হবে এবং জবাবও দেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।
এদিন রাসমেলার উদ্বোধনী মঞ্চে ‘দুর্গাবাহিনী’-কে সম্মান জানান মুখ্যমন্ত্রী। মহিলাদের নিরাপত্তার প্রশ্নে কড়া অবস্থান নিয়ে তিনি হুঁশিয়ারি দেন, কেউ যদি তাঁর কোনও দিদি, বোন বা কন্যার দিকে আঙুল তোলে, তবে তার আঙুল ভেঙে দিতে হবে। এছাড়াও কোচবিহারের সার্বিক উন্নয়নের বার্তা দিয়ে জেলার ‘গ্রামকে নগর’ এবং ‘নগরকে মহানগর’ করে তোলার লক্ষ্যের কথা জানান মুখ্যমন্ত্রী।