পুবের কলম ওয়েব ডেস্ক: ছ’বছরের বিভেদ মিটিয়ে পাঞ্জাবে ফের এক ছাতার তলায় এল বিজেপি ও অকালি দল। রাজ্যে ক্ষমতা দখলের লক্ষ্যে অকালি দলের শর্ত মেনেই এই জোটে রাজি হয়েছে গেরুয়া শিবির। আর বিজেপি-অকালি জোটের ঘোষণা হতেই রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে কংগ্রেসের অন্দরে। এতদিন শোনা যাচ্ছিল যে, পাঞ্জাবে কংগ্রেস এবং আম আদমি পার্টি (আপ)—দুই দলই একার শক্তিতে লড়বে। কিন্তু নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতেই এবার বাম দলগুলির সঙ্গে জোটের আলোচনা শুরু করে দিয়েছে হাত শিবির।


সূত্রের খবর, পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সিপিএম এবং সিপিআই—এই দুই বামপন্থী দলের সঙ্গে কথা শুরু করেছেন খোদ কংগ্রেসের রাজ্য সভাপতি পরগত সিং। ইতিমধ্যেই তাঁদের মধ্যে একাধিক দফায় আলোচনা হয়েছে। কংগ্রেস জনমানসে এই বার্তা দিতে চাইছে যে, বিজেপিকে রুখে দেওয়ার লড়াইয়ে আপের চেয়ে তারাই এগিয়ে রয়েছে এবং গোটা ‘ইন্ডিয়া’ জোট তাদের সঙ্গেই আছে। যেহেতু বামেরাও ‘ইন্ডিয়া’ জোটের অংশ এবং একসময় পাঞ্জাবে তাঁদের প্রভাব ছিল, তাই তাঁদের নিজেদের ছাতার তলায় আনতে উদ্যোগী হয়েছে কংগ্রেস।
যদিও পাঞ্জাবের বর্তমান রাজনীতিতে বামেদের শক্তি নিয়ে প্রশ্ন রয়েছে।
একসময় পাঞ্জাবের বামপন্থী আন্দোলন গোটা দেশের বামপন্থীদের অনুপ্রেরণা জুগিয়েছিল এবং সেই অতীতকেই আঁকড়ে ধরে রয়েছে সিপিএম। তবে বাস্তবে গত চারটি নির্বাচনে সেখানে তেমন কোনও প্রভাব ফেলতে পারেনি বাম দলগুলি। ২০১৪ সালের পর থেকে পাঞ্জাবে কোনও নির্বাচনেই তাদের ভোট ১ শতাংশের গণ্ডি পেরোয়নি। তবুও কার্যত অস্তিত্বহীন হয়ে যাওয়া সিপিআই ও সিপিএমকে সঙ্গে নিতে চাইছে কংগ্রেস। তবে জোট হলেও বামেদের জন্য ঠিক কতগুলি আসন ছাড়া হবে, তা নিয়ে জটিলতা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, মঙ্গলবারই অকালি দলের প্রধান সুখবীর সিং বাদলকে পাশে বসিয়ে পাঞ্জাবে জোটের ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জোটের পাশাপাশি তিনি এও স্পষ্ট করে দেন যে, পাঞ্জাবে ‘বড় ভাই’-এর ভূমিকাতেই থাকবে অকালি দল। সূত্রের খবর, ১১৭ আসনের ২০২৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে বিজেপি প্রায় ৪০টি আসনে লড়াই করতে পারে। ২০১৭ সালে অকালিদের সঙ্গে জোটে মাত্র ২৩টি আসনে লড়েছিল গেরুয়া শিবির। অর্থাৎ এবার প্রায় দ্বিগুণ আসনে লড়ে গোটা রাজ্যে নিজেদের উপস্থিতি জোরালোভাবে জানান দেওয়ার সুযোগ পাচ্ছে বিজেপি।