পুবের কলম ওয়েবডেস্ক, কোচবিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘিরে নতুন বিতর্ক। ভোটার তালিকা থেকে বাবার নাম বাদ পড়ায় আড়াই মাসের কন্যাসন্তানের জন্মশংসাপত্র আটকে দেওয়ার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। শিশুটির মা-বাবা দু’জনেই ভারতীয় নাগরিক বলে দাবি করেছেন।
আরও পড়ুন:
খাটামারি গ্রামের আমিনা খাতুন ৯ সেপ্টেম্বর দিনহাটা মহকুমা হাসপাতালে মেয়ের জন্ম দেন।
স্বামী আবদুল হাবিবের সঙ্গে জন্মশংসাপত্রের আবেদন করলে তাঁদের পঞ্চায়েত প্রধান বা বিধায়কের কাছ থেকে বাসিন্দা হিসেবে যাচাই করিয়ে আনতে বলা হয়। দিনহাটার বিধায়ক অজয় রায়ের দপ্তরে গেলে অভিযোগ, হাবিবকে জানানো হয়, এসআইআরে তাঁর নাম বাদ পড়ায় যাচাই সম্ভব নয়। দপ্তরের এক আধিকারিক তাঁকে বাংলাদেশের নাগরিক বলেও উল্লেখ করেন এবং এনআরসিতে নাম তোলার পরামর্শ দেন।আরও পড়ুন:
হাবিবের দাবি, জন্ম থেকেই তিনি ভারতে থাকেন।
খাটামারিতে তাঁর দাদুর তৈরি বাড়ি রয়েছে। নথি দেখিয়েও সাহেবগঞ্জের বিডিও দপ্তরে আবেদন গ্রহণ করা হয়নি। তাঁর তিন বোনের নামও ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। ‘যৌক্তিক অসংগতি’র অভিযোগে তাঁদের শুনানিতে ডাকা হয়েছিল। তবে তাঁর বাবা-মা, স্ত্রী ও এক দিদির নাম তালিকায় রয়েছে। নিজের নাম ফেরাতে ট্রাইব্যুনালে আবেদন করেছেন হাবিব।আরও পড়ুন:
মানবাধিকার সংগঠন এপিসিআর বলেছে, জন্ম নথিভুক্ত করা প্রশাসনের আইনি দায়িত্ব। রাষ্ট্রসংঘের শিশু অধিকার সনদের সপ্তম অনুচ্ছেদে প্রতিটি শিশুর জন্মনিবন্ধন ও আইনি পরিচয়ের অধিকার স্বীকৃত। বাবা-মায়ের ভোটার পরিচয়ের সঙ্গে শিশুর এই অধিকার জুড়ে দেওয়া যায় না। শংসাপত্রের দাবিতে জেলাশাসকের কাছে আইনি আবেদন জানাবে সংগঠনটি।