পুবের কলম ওয়েব ডেস্ক: বোলপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আসানসোলের হীরাপুরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। বুধবার হীরাপুর থানার অন্তর্গত ইসমাইলের মাদার টেরেজা সরণিতে সাইবার প্রতারণা-সহ একাধিক মামলার অভিযুক্ত প্রতাপ দাস ওরফে প্যাও-র বাড়ি ঘিরে ফেলে পুলিশ। কিন্তু পুলিশ বাড়ির কাছাকাছি চলে এসেছে বুঝতে পেরেই পরপর দু’রাউন্ড গুলি চালিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় ওই দুষ্কৃতী। তবে এই ঘটনায় কেউ আহত হননি বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ দাস পুজোর আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল এবং তারপর থেকেই কার্যত গা-ঢাকা দিয়েছিল।

আসানসোলের ইসমাইল এলাকায় একটি ভাড়াবাড়িতে থাকে তার পরিবার। দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবারই প্রতাপ ওই বাড়িতে ফিরেছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। সেই খবরের ভিত্তিতেই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকদের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। কিন্তু পুলিশ বাড়ি ঘিরে ফেলতেই গুলি চালিয়ে নিমেষে পালিয়ে যায় সে। উল্লেখ্য, বুধবারই নিমচা ফাঁড়ি থেকে বদলি হয়ে হীরাপুর থানার দায়িত্ব নিয়েছেন নাসরিন সুলতানা, আর সেদিনই এই ঘটনা ঘটল।

পুলিশের দাবি, প্রতাপ দাস ওরফে প্যাও দীর্ঘদিন ধরেই নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। অতীতে সালানপুরের একটি পেট্রোল পাম্পে ডাকাতি, পুরুলিয়ায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো এবং আসানসোল বাজার এলাকায় ভাই-বোনকে খুনের ঘটনায় অস্ত্র ভাড়া দেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত কয়েক বছর ধরে সে বারবার গ্রেপ্তার হয়ে জামিনে ছাড়া পেয়ে আবারও অপরাধের জগতে ফিরেছে। ঘটনার পর প্রতাপের খোঁজে গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। তার বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রতাপের কাছে অস্ত্র কোথা থেকে এল এবং বাড়িতেই তা মজুত ছিল কি না, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা।
প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর সন্ধ্যায় শান্তিনিকেতনের লাইক বাজার এলাকায় রতন শেখ নামে এক অপরাধীকে ধরতে সাদা পোশাকে অভিযান চালিয়েছিল পুলিশ। তখন নাগালের মধ্যে পেয়েই কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় রতন। পায়ে গুলিবিদ্ধ ওই কনস্টেবলকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। যদিও সেই ঘটনার দু’দিনের মধ্যেই পুলিশের গুলিতে মৃত্যু হয় অভিযুক্ত রতন শেখের।