পুবের কলম ওয়েব ডেস্ক:  উৎসবের মরশুম কাটিয়ে ফের বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুজোর সময় দু’দিনের সফরে শহরে এসেছিলেন তিনি। দেড় মাসের ব্যবধানে এবার বিজেপির ‘সংবিধান গৌরব’ কর্মসূচিতে অংশ নিতে কলকাতায় আসতে চলেছেন শাহ। আগামী ৩০ নভেম্বর কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে এই রাজনৈতিক অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানা গিয়েছে।


উল্লেখ্য, ২৬ নভেম্বর দেশজুড়ে সংবিধান দিবস পালিত হয়। সরকারি স্তরের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও এই দিনটি উদযাপন করা হয়। এবছর বৃহস্পতিবার থেকেই গোটা পশ্চিমবঙ্গে সপ্তাহব্যাপী ‘সংবিধান গৌরব’ দিবস কর্মসূচি শুরু করেছে বিজেপি। দলীয় সূত্রে খবর, এই কর্মসূচিতে অংশ নিতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

যদিও রাজ্য সরকার কিংবা রাজ্য বিজেপির তরফে শাহের এই সফর নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিজেপি সূত্রে দাবি করা হয়েছে, এই সফরের বার্তা এসেছে দিল্লি থেকেই। অন্যদিকে, আগামী ৩০ নভেম্বর সংসদে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে এবং ওই দিন সংসদে অমিত শাহের উপস্থিতি অনিবার্য। ফলে বিশেষ অধিবেশনের কারণে তাঁর পূর্বনির্ধারিত বঙ্গ সফরের সূচিতে কোনও পরিবর্তন আসে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।