পুবের কলম, ওয়েবডেস্ক: বিদেশ সফরে বাধা দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হওয়া সমাজকর্মী সৌরভ দাসের বিরুদ্ধে ‘লুকআউট সার্কুলার’ জারি করা হয়েছে বলে আদালতকে জানাল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে কেন্দ্রের তরফে আরও দাবি করা হয় যে, সৌরভ দাসের পাসপোর্টে থাকা কিছু অসঙ্গতির জেরে তাঁর ভারতীয় নাগরিকত্বের ওপরেও প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। যদিও দাসের আইনজীবী আদালতে জানান, তাঁদের কাছে কোনো লুকআউট সার্কুলার জারির বিষয়ে আগে থেকে কোনো তথ্য ছিল না।

উল্লেখ্য, ‘ককরোচ জনতা পার্টি’-র অন্যতম প্রধান মুখ সৌরভ দাস আগামী ২৭ নভেম্বর ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে তথাকথিত ‘সিজেপি আন্দোলন’ বিষয়ে বক্তব্য রাখার জন্য লন্ডনে যাচ্ছিলেন। কিন্তু তার আগেই দিল্লি বিমানবন্দরের অভিবাসন কাউন্টারে তাঁকে আটকে দেওয়া হয়।

বিদেশ মন্ত্রকের বুধবারের এক বিবৃতি অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট অফিস সোমবার সৌরভ দাসকে একটি নোটিশ পাঠিয়েছে। ওই নোটিশে পাসপোর্টে উল্লিখিত তাঁর জন্মস্থানের তথ্যে অসঙ্গতির বিষয়ে এক সপ্তাহের মধ্যে জবাব তলব করা হয়েছে। এর পরপরই আইনি প্রতিকার চেয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। এর আগে সোমবার রাতে এক সমাজমাধ্যম পোস্টে সৌরভ দাস অভিযোগ করেছিলেন যে, বিদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ুয়াদের সামনে বক্তব্য রাখা থেকে বিরত রাখতেই সরকার তাঁকে বিমানবন্দরে আটকে দিয়েছে।

প্রসঙ্গত, দেশের বিমানবন্দর এবং অন্যান্য প্রবেশ ও প্রস্থান পথগুলিতে অভিবাসন দপ্তরের মাধ্যমে ‘লুকআউট সার্কুলার’ জারি করা হয়, যাতে কোনো ফৌজদারি অপরাধে অভিযুক্ত বা আইনি মামলায় নাম থাকা ব্যক্তিরা দেশ ছেড়ে বাইরে যেতে না পারেন।