পুবের কলম ওয়েব ডেস্ক: বিকাশ ভবনে শিক্ষকদের অবাধ গতিবিধি নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। দপ্তরের প্রশাসনিক শাখা থেকে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, কোনও আধিকারিক বা কর্মী সরাসরি বহিরাগত কিংবা আবেদনকারীদের কাছে সরকারি ফাইলের নম্বর, গতিবিধি বা বর্তমান অবস্থা (স্ট্যাটাস) সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করতে পারবেন না। কেবলমাত্র নির্দিষ্ট সরকারি পদ্ধতির মাধ্যমেই সেই তথ্য জানানো যাবে।
ওই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, কোনও অভিযোগ বা আবেদনের অবস্থা জানতে হলে সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনও বহিরাগত বা দর্শনার্থী ‘ডিলিং অ্যাসিস্ট্যান্ট’-দের টেবিলের কাছে যেতে পারবেন না।

এ বিষয়ে নিরাপত্তারক্ষীদের কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং দপ্তরের বিভিন্ন জায়গায় ‘বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ’ লেখা বোর্ড ঝোলানোর কথা বলা হয়েছে। সরকারি নথির গোপনীয়তা এবং দপ্তরের শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, বিভিন্ন শিক্ষক সংগঠন নিজেদের দাবিদাওয়া জানাতে কিংবা ফাইলের অবস্থান জানতে নিয়মিত বিকাশ ভবনে আসেন। এছাড়াও বদলি সংক্রান্ত আবেদনের খোঁজখবর নিতে ব্যক্তিগতভাবে অনেক শিক্ষক সেখানে যাতায়াত করেন। নয়া নির্দেশিকার ফলে সেই রাস্তা কার্যত বন্ধ হয়ে গেল।
এখন থেকে কোনও আধিকারিকের সঙ্গে দেখা করতে হলে আগাম অনুমতি নিতে হবে, নচেৎ গেটেই আটকে দেবেন নিরাপত্তারক্ষীরা।
সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে শিক্ষা মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে এবং এর কড়া সমালোচনা করেছে শিক্ষক সংগঠনগুলি। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যা ঘটেনি, বিকাশ ভবন এখন তা-ই করে দেখাল। মাত্র সাত মাসের সরকারের এত ভয় কেন, সেই প্রশ্ন তুলে তিনি বলেন, ডিআই এবং এসআই অফিসগুলিতে ঠিকমতো কাজ হলে শিক্ষকদের বিকাশ ভবনে আসার প্রয়োজন হত না। এটি সরকারের একটি খারাপ সিদ্ধান্তের নজির বলে দাবি করে তাঁর প্রশ্ন, কোনও ভুক্তভোগী শিক্ষক কেন তাঁর আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন না?