পুবের কলম ওয়েব ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই ভাঙনের সুর শোনা যাচ্ছে তৃণমূলের অন্দরে। মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত শিবিরের টানাপোড়েনে যখন রাজ্য রাজনীতি সরগরম, ঠিক তখনই ঋতব্রত শিবিরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। বিধাননগরে দলীয় কর্মীদের একটি বৈঠকে করা তাঁর সেই বক্তব্যের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, স্বাস্থ্যমন্ত্রীর এই মন্তব্য তাঁর নিজের দল বিজেপিকেও খানিকটা অস্বস্তিতে ফেলেছে।
সম্প্রতি সিপিএম নেতা শতরূপ ঘোষ ফেসবুকে স্বাস্থ্যমন্ত্রীর ওই বক্তব্যের ভিডিও পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, বিধাননগরে দলীয় কর্মীদের বৈঠকে শারদ্বত মুখোপাধ্যায়ের বক্তব্যের কিছুটা অংশ শুনে তাঁর বেশ ভালো লেগেছে এবং অন্যদের কেমন লাগল তা জানতে চান তিনি। ভাইরাল হওয়া ওই ভিডিওতে শারদ্বত মুখোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে, রাজ্যে এখন দুটি তৃণমূল রয়েছে—একটি ‘মৃত তৃণমূল’ এবং অন্যটি ‘ঋত তৃণমূল’। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মৃত তৃণমূল’ প্রায় শেষ হয়ে গিয়েছে। আর ঋতব্রত তৃণমূল চলছে শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীর হাত তাঁদের মাথায় রয়েছে বলেই; যেদিন সেই হাত সরে যাবে, সেদিনই তাঁরা শেষ হয়ে যাবেন। এখানেই না থেমে স্বাস্থ্যমন্ত্রী আরও দাবি করেন, মুখ্যমন্ত্রী এমনিই বলেননি যে তিনি চাইলে ২৮০ জনের সমর্থন পাবেন।
উল্লেখ্য, কালীঘাট তৃণমূল বহু আগে থেকেই দাবি করে আসছে যে ঋতব্রত শিবির নামেই বিরোধী এবং তাঁদের নেপথ্যে শুভেন্দু অধিকারীদের পরোক্ষ সমর্থন রয়েছে। কালীঘাট শিবিরের অভিযোগ, ঠিক সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত বিরোধী দলনেতা শোভন চট্টোপাধ্যায়ের নাম খারিজ করে ঋতব্রতকে ওই পদ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর এই বিস্ফোরক মন্তব্য যেন কালীঘাট তৃণমূলের সেই দাবিকেই সিলমোহর দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।
মন্ত্রীর এহেন মন্তব্যে কিছুটা বিপাকে পড়া বিজেপির তরফে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি জানান, তাঁর মনে হয়েছে স্বাস্থ্যমন্ত্রী এটাই বোঝাতে চেয়েছেন যে এই মুহূর্তে বিরোধীরা অস্তিত্বহীন; বাকি তিনি ঠিক কী বলতে চেয়েছেন তা তাঁর কাছ থেকেই শোনা ভালো। তবে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে তীব্র উষ্মা প্রকাশ করেছে ঋতব্রত শিবির। বিধায়ক আখরুজ্জামান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এবার শারদ্বত মুখোপাধ্যায় দেখবেন বিরোধিতা কাকে বলে। অন্যদিকে, কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষের দাবি, এই মন্তব্যের মাধ্যমে ঋতব্রতদের মুখোশ খুলে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।