পুবের কলম ওয়েব ডেস্ক: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের মাতৃমা বিভাগে রোগীদের পরিবেশন করা খাবারে বিষাক্ত বিছে পাওয়ার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়াল। এই ঘটনায় হাসপাতাল জুড়ে ব্যাপক হইচই শুরু হয়। অভিযোগ পাওয়ার পরই কড়া পদক্ষেপ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দায়িত্বে থাকা তিন কর্মীকে শোকজ করার পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


জানা গিয়েছে, মাতৃমা বিভাগে দুপুরের খাবার সরবরাহের দায়িত্বে রয়েছে একটি সংস্থা। নিয়মমাফিক এদিনও রোগীদের খাবার পরিবেশন করা হয়েছিল। কিন্তু ভাতের মধ্যে বিষাক্ত বিছে দেখতে পান চিকিৎসাধীন রোগীরা। মুহূর্তেই হাসপাতালে শোরগোল পড়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হাসপাতালের চিকিৎসক ও আধিকারিকরা। হাসপাতালের মতো জায়গায় রোগীদের খাবারে কীভাবে বিছে এল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এরপরই খাবার সরবরাহকারী সংস্থার কর্তৃপক্ষকে তলব করে হাসপাতাল প্রশাসন।
এই বিষয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার চিকিৎসক সৌরদীপ রায় জানান, একটি ঘটনা সামনে এসেছে, তবে এতে কেউ অসুস্থ হননি এবং সকলেই সুস্থ রয়েছেন।
এই ঘটনায় তিনজনকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি মেডিক্যাল কলেজের ডেপুটি সুপার ও অ্যাসিস্ট্যান্ট সুপারদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি দ্রুত রিপোর্ট জমা দেবে এবং সেই রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠানো হবে বলে জানিয়েছেন সুপার।
অন্যদিকে, গোটা ঘটনায় রোগীদের খাদ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীর আত্মীয়-পরিজনেরা। হাসপাতালে যদি এমন খাবার পরিবেশন করা হয়, তবে তাঁরা কীসের ওপর ভরসা রাখবেন, সেই প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।