উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : প্রেমের সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশকে কেন্দ্র করে বিবাদের জেরে এক নাবালিকাকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছিল প্রেমিক ও তার দুই বন্ধুর বিরুদ্ধে। খুনের পর প্রমাণ লোপাট করতে কিশোরীর দেহ পুঁতে দেওয়া হয়েছিল ধানজমিতে। ২০২৫ সালের সেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মামলায় অবশেষে কঠোর সাজা ঘোষণা করল আলিপুর আদালত। তিন অভিযুক্তকেই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে বুধবার। পাশাপাশি প্রত্যেককে একাধিক ধারায় পৃথক জরিমানাও করা হয়েছে।আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে বাসন্তী থানা এলাকার ১৪ বছর বয়সি এক আদিবাসী কিশোরী হঠাৎ নিখোঁজ হয়ে যায়।
পরিবারের তরফে খোঁজাখুঁজি শুরু হলেও প্রথমদিকে তার কোনও সন্ধান মেলেনি। নিখোঁজের প্রায় ১৪ দিন পর এলাকার একটি ধানখেতের জমি খুঁড়ে উদ্ধার হয় কিশোরীর দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।তদন্তে নেমে পুলিশ বুদ্ধদেব সর্দার ওরফে নন্টে, দীপেন কয়াল এবং প্রতীক সর্দারকে গ্রেফতার করে। তদন্তকারীদের দাবি, বুদ্ধদেবের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে কিশোরীর জীবনে অন্য এক ব্যক্তির প্রবেশকে কেন্দ্র করে দুজনের মধ্যে মনোমালিন্য শুরু হয়। সেই আক্রোশ থেকেই দুই বন্ধুকে সঙ্গে নিয়ে কিশোরীকে খুনের পরিকল্পনা করে বুদ্ধদেব। অভিযোগ, পরিকল্পনা অনুযায়ী কিশোরীকে অপহরণ করে খুনের পর তার দেহ ধানজমিতে পুঁতে দেওয়া হয়।
দীর্ঘ তদন্ত ও বিচারপ্রক্রিয়া শেষে আগেই তিনজনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। এবার তাদের সাজা ঘোষণা করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১০৩/৩(৫) ধারায় খুনের অপরাধে প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও অপহরণের অপরাধে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, প্রমাণ লোপাটের অপরাধে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত।আদালতের নির্দেশ অনুযায়ী, মূল কারাদণ্ডের সাজাগুলি একইসঙ্গে চলবে। তবে জরিমানা দিতে ব্যর্থ হলে অতিরিক্ত কারাদণ্ডের মেয়াদ পরপর কার্যকর হবে। বিচার চলাকালীন অভিযুক্তরা যতদিন হেফাজতে ছিলেন, সেই সময় মূল সাজা থেকে বাদ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
সরকার পক্ষের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অনির্বাণ গুহ ঠাকুরতা জানিয়েছেন, আদালতের নির্দেশ অনুযায়ী তিন দোষীকেই সাজা ভোগের জন্য হেফাজতে পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে জেল ওয়ারেন্ট জারির নির্দেশও দেওয়া হয়েছে।এক নাবালিকার অপহরণ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আদালতের এই রায়ে স্বস্তি ফিরেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।