সমাবর্তন অনুষ্ঠানে দীর্ঘদিনের প্রচলিত ঔপনিবেশিক পোশাকবিধি বদলাতে উদ্যোগী হল রাজ্য সরকার। কালো গাউন, হুড ও টুপির পরিবর্তে এবার থেকে ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক পরার ওপর জোর দিল রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর। ‘কলোনিয়াল হ্যাংওভার’ কাটিয়ে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের কাছে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
নতুন নির্দেশিকায় সমাবর্তনে ছাত্রছাত্রী ও অতিথিদের পোশাকের ক্ষেত্রে ভারতীয় ঐতিহ্য অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
উত্তরীয়, শাড়ি, ধুতি কিংবা পাঞ্জাবির মতো পোশাক ব্যবহারের পাশাপাশি দেশীয় হ্যান্ডলুম ও খাদি কাপড়কে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। উচ্চ শিক্ষা দপ্তরের বক্তব্য, ভারতীয় আবহাওয়া ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাক চালু করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।আরও পড়ুন:
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ববর্তী নির্দেশিকার কথাও উল্লেখ করা হয়েছে। সেখানে সমাবর্তন অনুষ্ঠানে ইউরোপীয় ঐতিহ্যের পোশাকের পরিবর্তে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছিল। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে অধিভুক্ত কলেজগুলিতেও এই নির্দেশিকা কার্যকর করার কথা বলা হয়েছে।
আরও পড়ুন:
নির্দেশিকা জারির পরই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের পোশাক পরিবর্তন নিয়ে আলোচনা ও প্রস্তুতি শুরু হয়েছে। এতদিন সমাবর্তন অনুষ্ঠানে পাশ্চাত্য ধাঁচের কালো গাউন ও টুপি পরার যে রীতি প্রচলিত ছিল, তার পরিবর্তে দেশীয় পোশাক কতটা এবং কীভাবে কার্যকর করা হবে, তা নিয়েই এখন চর্চা চলছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, কয়েক দিন আগে জলপাইগুড়িতে একটি অনুষ্ঠানে রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় সমাবর্তনে ভারতীয় পোশাক ব্যবহারের পক্ষে সওয়াল করেছিলেন। তিনি জানিয়েছিলেন, ২০১৫ সালের পর থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দেশের বিশ্ববিদ্যালয়গুলিকে একাধিকবার এ বিষয়ে পরামর্শ দিয়েছে। সমাবর্তনে ইউরোপীয় পোশাকের পরিবর্তে ভারতীয় পোশাক ও দেশীয় হস্তশিল্পের বস্ত্র ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেছে ইউজিসি। এবার সেই ভাবনাকেই বাস্তবায়িত করতে বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর।