পুবের কলম ওয়েবডেস্ক, পাকিস্তানি ধারাবাহিক নিয়ে বিতর্কের জেরে এবার নেটফ্লিক্সকে সতর্ক করল ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতে পাকিস্তানে তৈরি কোনও অনুষ্ঠান সম্প্রচার না করার নির্দেশ দেওয়া হয়েছে আন্তর্জাতিক এই ওটিটি সংস্থাকে। আগামী ৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত ধারাবাহিক ‘জো বাচে হ্যায় সাং সামেত লো’। সেটি ঘিরেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

জানা যায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নেটফ্লিক্সকে ২০২৫ সালের ৮ মে জারি করা সরকারি নির্দেশিকা মেনে চলতে বলেছে। ওই নির্দেশিকায় নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে পাকিস্তানি উৎসের সম্প্রচারিত অনুষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছিল।

এর আগে সর্বভারতীয় চলচ্চিত্রকর্মী সংগঠন এআইসিডব্লিউএ এবং ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে ধারাবাহিকটি নিষিদ্ধ করার দাবি জানায়। তাদের বক্তব্য, জাতীয় স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে বাণিজ্যিক স্বার্থকে গুরুত্ব দেওয়া যায় না।

এদিকে পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এই দাবির সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, ভারত খেলাধুলা, জল ও সংস্কৃতিকেও রাজনৈতিক বিরোধের হাতিয়ার করছে। শিল্প ও সংস্কৃতিকে জাতীয় নিরাপত্তার প্রশ্নে টেনে আনা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

ফাওয়াদ খান, মাহিরা খান ও সানাম সাঈদ অভিনীত ধারাবাহিকটি নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি মৌলিক সিরিজ। তবে ভারতে এটি মুক্তি পাবে কি না, তা এখনো স্পষ্ট নয়।