পুবের কলম ওয়েব ডেস্ক: অবশেষে সংসদের বহু প্রতীক্ষিত অধিবেশন ডাকল নরেন্দ্র মোদী সরকার। মুলতুবি থাকা বাদল অধিবেশন পুনরায় আহ্বান করা হলেও, সেখানে লোকসভার আসন পুনর্বিন্যাস বিল পাশ করানোর চেষ্টা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সমাজমাধ্যমে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু জানান, অত্যাবশ্যকীয় সরকারি কাজকর্ম সম্পন্ন করার জন্য লোকসভার স্পিকারকে আগামী সোমবার অর্থাৎ ৩০ নভেম্বর এবং রাজ্যসভার চেয়ারম্যানকে আগামী বুধবার অর্থাৎ ২ ডিসেম্বর অধিবেশন পুনরায় আহ্বান করার অনুরোধ জানিয়েছে সরকার। সরকারি কাজের জরুরি প্রয়োজনের ওপর নির্ভর করে আগামী ৩ ডিসেম্বর উভয় কক্ষের অধিবেশন সমাপ্ত হতে পারে বলেও তিনি উল্লেখ করেছেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, বাদল অধিবেশনের দ্বিতীয় পর্ব ডাকার অর্থ হল ডিএমকে এবং এনসিপি (শরদ)-এর মতো দলগুলিকে আসন পুনর্বিন্যাস বিলে প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থনের জন্য রাজি করিয়ে ফেলেছে সরকারপক্ষ।
প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল লোকসভার আসন বৃদ্ধি, পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ চালু সংক্রান্ত তিনটি বিল পেশ করেছিলেন। এর মধ্যে ছিল লোকসভা ও বিভিন্ন রাজ্যের বিধানসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের উদ্দেশ্যে ১৩১তম সংবিধান সংশোধনী বিল বা ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ (যার অন্তর্গত লোকসভার সাংসদ সংখ্যা বাড়িয়ে ৮৫০ করার বিষয়টিও রয়েছে), লোকসভার আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) সংক্রান্ত বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আসন বৃদ্ধির উদ্দেশ্যে কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। তবে প্রথম বিলটিতে দুই-তৃতীয়াংশ সাংসদের সমর্থনের প্রয়োজন থাকায় পরের দু’টি বিল নিয়ে আর ভোটাভুটির পথে হাঁটেনি কেন্দ্র।