পুবের কলম ওয়েব ডেস্ক: গত আগস্ট মাসে নেপালের ভোটকোশীতে ভয়াবহ হড়পা বানে মৃত্যু হয়েছিল দেড় হাজারেরও বেশি মানুষের। ঘটনার কয়েক মাস কেটে গেলেও এখনও বহু মানুষের খোঁজ মেলেনি, যাঁদের মধ্যে রয়েছেন ২১৩ জন ভারতীয়। এবার সেই নিখোঁজ ব্যক্তিদের মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু করতে চলেছে নেপাল সরকার। সম্প্রতি নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে এমনটাই জানানো হয়েছে। নিখোঁজ ভারতীয়দের তালিকায় নাম রয়েছে মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়ের।
তবে মাসের পর মাস পেরিয়ে গেলেও এখনও হাল ছাড়তে নারাজ শুভ্রাংশু। এই বিষয়ে ভারত সরকার কী বার্তা দেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন তিনি।সম্প্রতি সমাজমাধ্যমে নিখোঁজ ভারতীয়দের একটি তালিকা প্রকাশ করেছে নেপালের ভারতীয় দূতাবাস। সেই তালিকার ১৭৮ নম্বরে রয়েছে শর্মিষ্ঠার নাম। দূতাবাসের বার্তায় জানানো হয়েছে, প্রকাশিত নামগুলি নিয়ে কারও কোনও তথ্য, বক্তব্য কিংবা আপত্তি থাকলে আগামী ২ ডিসেম্বরের মধ্যে যোগাযোগ করতে হবে। কোথায় ও কীভাবে যোগাযোগ করতে হবে, সেই বিবরণও সেখানে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, তালিকায় থাকা ব্যক্তিদের পরিবারের তথ্য ও বক্তব্য জানার পরই নেপাল সরকার মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু করবে। এর জন্য বেশ কিছু নথি বা তথ্য চাওয়া হতে পারে এবং ভারতীয়দের মৃত্যুর শংসাপত্র নেপাল প্রশাসনের কাছ থেকেই নিতে হবে বলে দূতাবাসের পোস্টে উল্লেখ করা হয়েছে।
দূতাবাসের এই ঘোষণার পর এক সংবাদমাধ্যমকে শুভ্রাংশু রায় জানিয়েছেন, গোটা পরিস্থিতির দিকে তাঁর নজর রয়েছে এবং ভারত সরকারের অবস্থান জানার পরই তিনি এ বিষয়ে কোনও বক্তব্য দেবেন। উল্লেখ্য, কেউ রুজির টানে, কেউ ঘুরতে, আবার কেউ নেপাল হয়ে মানস সরোবরের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন। গত ২১ আগস্ট হাওড়া থেকে একটি ভ্রমণ সংস্থার সঙ্গে নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন শর্মিষ্ঠা। সেখানে পৌঁছে স্বামীর সঙ্গে একাধিকবার যোগাযোগও করেন তিনি। পরিবার সূত্রে খবর, গত ২৫ আগস্ট রাতে শেষবার স্ত্রীর সঙ্গে কথা হয়েছিল শুভ্রাংশুর। পরদিন অর্থাৎ ২৬ আগস্ট সকাল থেকেই হড়পা বানের কারণে নেপালের পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। খবর পাওয়ার পর থেকেই স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন শুভ্রাংশু। পরিবারের তরফে থানা, ভবানী ভবন, বিদেশ মন্ত্রক এবং দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও লাভ হয়নি। তবে এখনও শুভ্রাংশুর বিশ্বাস, শর্মিষ্ঠা অক্ষতই রয়েছেন এবং তাঁর ফিরে আসার দিন গুনছে রায় পরিবার।