পুবের কলম ওয়েবডেস্ক, প্রয়োজন না থাকলেও বেশি টাকা আয়ের উদ্দেশ্যে রোগীর অস্ত্রোপচার করা হয়েছে বলে অভিযোগ উঠল মালদায়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইংরেজবাজারের যদুপুর এলাকার একটি নার্সিংহোম পরিদর্শনে গিয়ে এমন অনিয়মের সন্ধান পায় জেলা প্রশাসন। এরপরই নার্সিংহোমটি বন্ধের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশ ও চিকিৎসা পরিষেবায় গাফিলতির অভিযোগে জেলার আরও তিনটি নার্সিংহোমকে জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন:
মালদহের অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য) অনিরুদ্ধ নন্দী জানিয়েছেন, অভিযুক্ত নার্সিংহোমে কী কারণে, কোন পরিস্থিতিতে এবং কী ধরনের অস্ত্রোপচার করা হয়েছে, তার যথাযথ নথি পাওয়া যায়নি।
রোগীর আদৌ অস্ত্রোপচারের প্রয়োজন ছিল কি না, তা-ও কাগজপত্র দেখে নিশ্চিত হওয়া যায়নি। প্রশাসনের তদন্তকারীদের আশঙ্কা, মোটা টাকা আয়ের জন্য প্রয়োজন না থাকলেও রোগীদের অস্ত্রোপচার করা হয়ে থাকতে পারে।আরও পড়ুন:
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে এখন পর্যন্ত মালদায় বিভিন্ন অভিযোগে মোট ১৩টি নার্সিংহোম বন্ধ করা হয়েছে। এছাড়া আরও ১৭ থেকে ১৮টি নার্সিংহোমকে জরিমানা করা হয়েছে। চিকিৎসা পরিষেবার মান, নার্সিংহোমের পরিবেশ এবং নিয়ম মেনে চিকিৎসা হচ্ছে কি না, তা নিয়ে নজরদারি চালাচ্ছে জেলা প্রশাসন।