পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্য প্রশাসন ও দলের কর্মকাণ্ড নিয়ে সংবাদমাধ্যমে মুখ খোলায় আগেই লাগাম টেনেছিল বিজেপি। এবার দলের যুব সংগঠন অর্থাৎ যুব মোর্চাতেও জারি হল একই নির্দেশ। বুধবার সল্টলেকের বিজেপি দপ্তরে যুব মোর্চার এক বৈঠকে সংগঠনের সভাপতি অমিত সামন্ত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজনীতির বিষয়ে কোথাও কোনওরকম মন্তব্য করা যাবে না। পাশাপাশি তোলাবাজি বা অন্য কোনও দুর্নীতিতে যাতে কেউ জড়িয়ে না পড়ে, সে বিষয়েও কর্মীদের কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে।


উল্লেখ্য, সরকারের কাজকর্ম নিয়ে সংবাদমাধ্যমের সামনে মন্ত্রীদের মুখ খোলায় দিন কয়েক আগেই খানিক বিরক্তি প্রকাশ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এরপরই গত সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্য সরকার বা প্রশাসনিক কাজকর্ম নিয়ে যে কোনও মন্ত্রী আর সংবাদমাধ্যমে মন্তব্য করতে পারবেন না। সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয় তিন মন্ত্রী—তাপস রায়, দীপক বর্মন এবং উমেশ রাইকে। কেবল নিজেদের দপ্তরই নয়, সামগ্রিক বিষয়ে তাঁরাই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন।
তবে অন্যান্য মন্ত্রীরা শুধুমাত্র নিজেদের দপ্তরের বিষয়ে কথা বলতে পারবেন।
এবার সেই একই নিয়ম কার্যকর করা হল যুব মোর্চাতেও। বুধবার সল্টলেকের দলীয় দপ্তরে অমিত সামন্ত, সাংসদ তথা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সৌমিত্র খান এবং যুব মোর্চার কেন্দ্রীয় সহ-সভাপতি সৌমেন কারফা-সহ অন্যান্য পদাধিকারীদের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নবনিযুক্ত পদাধিকারীদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করার পাশাপাশি জেলা ও বিভাগভিত্তিক সাংগঠনিক দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়। বৈঠকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, জেলাভিত্তিক শীর্ষ নেতৃত্বের কাজকর্ম, সংগঠন, দলীয় বা রাজনৈতিক কোনও বিষয়েই সংবাদমাধ্যমে মুখ খোলা যাবে না। এছাড়াও কলকাতা-সহ জেলাগুলিতে যুব মোর্চার কর্মী-সমর্থকরা যাতে বিন্দুমাত্র দুর্নীতি বা তোলাবাজিতে জড়িয়ে না পড়েন, সেদিকে দলের কড়া নজর রয়েছে বলেও নেতৃত্বকে সতর্ক করে দেওয়া হয়েছে।