পুবের কলম, ওয়েবডেস্ক: কংগ্রেস এবং ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস-এর সঙ্গে যুক্ত অ্যাকাউন্ট ও পোস্টে বিধিনিষেধ আরোপের অভিযোগ ওঠার পর প্রথমবার বৈঠকে বসল দুই পক্ষ। সূত্রের খবর, এই বৈঠকে মেটার নীতি বিষয়ক দল কংগ্রেস নেতাদের জানিয়েছে, সংস্থাটি ভারতীয় আইন মেনে চলে এবং স্বচ্ছ নীতি বজায় রাখে। অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকে মেটা ও কংগ্রেসের মধ্যে এটিই প্রথম বৈঠক। বৈঠকে কংগ্রেস প্রতিনিধি দল এমন কিছু নথি ও তথ্য পেশ করেছে, যেগুলি তাদের দাবি অনুযায়ী রাহুল গান্ধীর নাম উল্লেখ থাকা পোস্টগুলিতে মেটার বিধিনিষেধ আরোপের প্রমাণ দেয়।
আরও পড়ুন:
হায়দরাবাদ, গুরুগ্রাম এবং মুম্বইয়ে মেটার দপ্তরের বাইরে যুব কংগ্রেসের ধারাবাহিক বিক্ষোভের পর এই আলোচনা অনুষ্ঠিত হলো। গত ২০ নভেম্বর তেলঙ্গানা যুব কংগ্রেসের সভাপতি জাক্কিদি শিবা চরণ রেড্ডি অভিযোগ করেন যে, যুব কংগ্রেসের জাতীয় সভাপতি উদয় ভানু চিব এবং জাতীয় ইনচার্জ মণীশ শর্মার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত বা সীমিত করেছে মেটা। ওই দিনই হায়দরাবাদের গাচিবোলিতে মেটার দপ্তরে ঢুকে পড়েন যুব কংগ্রেস কর্মীরা এবং অ্যাকাউন্টগুলি পুনরায় চালুর দাবি জানান। সেই সময় রেড্ডি-সহ একাধিক কর্মীকে আটক করে পুলিশ।
আরও পড়ুন:
অ্যাকাউন্টগুলি ফিরিয়ে না দিলে দেশজুড়ে মেটার দপ্তরে ঢুকে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দিয়ে ২১ নভেম্বর ‘এক্স’-এ পোস্ট করে যুব কংগ্রেস। এরপর ২২ নভেম্বরও বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি চলে। পুরো বিষয়টি নিয়ে জনসমক্ষে ব্যাখ্যা দেওয়ার জন্য মেটাকে সাত দিনের সময়সীমা দিয়েছে যুব কংগ্রেস। নির্ধারিত সময়ের মধ্যে সংস্থাটি জবাব না দিলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
যুব কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, গত ছয় মাসে সরকারি নির্দেশে কতগুলি ভারতীয় অ্যাকাউন্টের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে, মেটাকে সেই সংখ্যা প্রকাশ্যে জানাতে হবে। রাহুল গান্ধীর নাম উল্লেখ থাকা পোস্ট কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের সমালোচনামূলক পোস্ট স্বয়ংক্রিয়ভাবে আটকে দেওয়া সংক্রান্ত বিস্তারিত তথ্যও প্রকাশ করতে হবে।