পুবের কলম, ওয়েবডেস্ক: কেরলের কন্নুরে সিপিএম কর্মী সি ভি ধনরাজ হত্যা মামলার রায়ের প্রেক্ষিতে প্রাক্তন সিপিএম বিধায়ক তথা দলের কন্নুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য টি আই মধুসূদননের একটি মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে প্রবল বিতর্ক তৈরি হয়েছে। ১৯৮৭ সালের চিমেনি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন যে, বিচারব্যবস্থায় সাজা এড়ানো ব্যক্তিদের আজ আর পৃথিবীতে অস্তিত্ব নেই। রাজনৈতিক মহলের বড় অংশের মতে, এই মন্তব্য ধনরাজ হত্যা মামলায় বেকসুর খালাস পাওয়া অভিযুক্তদের বিরুদ্ধে বিচারবহির্ভূত প্রতিশোধ বা পাল্টা হিংসার ইঙ্গিত বহন করছে।

বুধবার এক জনসভায় মধুসূদননের এই বক্তব্যের পরই কংগ্রেস ও বিজেপি তাঁর বিরুদ্ধে প্রকাশ্য রাজনৈতিক হিংসার হুমকি এবং আদালত অবমাননার অভিযোগ তুলে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

ইতিমধ্যেই রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা বিতর্কিত ওই ভাষণের তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

২০১৬ সালের সি ভি ধনরাজ হত্যা মামলায় বুধবার রায় ঘোষণা করে আদালত। ওই রায়ে তিনজন আরএসএস-বিজেপি কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলেও কয়েকজন অভিযুক্তকে বেকসুর খালাস করা হয়। এই রায়ের পরপরই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ১৯৮৭ সালে পাঁচজন সিপিএম কর্মীকে পুড়িয়ে মারার চিমেনি হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেন মধুসূদনন।

তিনি বলেন, "পাঁচজনকে পুড়িয়ে মারা হয়েছিল এমন চিমেনি ঘটনায় কোনো আদালত কাউকে শাস্তি দেয়নি। কিন্তু শাসনব্যবস্থার এটা বুঝে নেওয়া ভালো যে, আজ এই পৃথিবীতে তাঁদের কেউই বেঁচে নেই। একজনও নেই।"

বিচারব্যবস্থার বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে প্রাক্তন বিধায়ক অভিযোগ করেন যে, বিচারব্যবস্থা শাসনব্যবস্থার স্বার্থ রক্ষা করছে এবং কারাদণ্ড ও শাস্তির মাধ্যমে প্রগতিশীল ও বামপন্থী রাজনীতিকে দমন করার চেষ্টা চালাচ্ছে। ধনরাজ হত্যা মামলার রায়কে কটাক্ষ করে তিনি মন্তব্য করেন, সৌভাগ্যবশত আদালত এই রায় দেয়নি যে ধনরাজকে কখনো খুনই করা হয়নি।