পুবের কলম, ওয়েবডেস্ক: প্রায় দুই দশক পুরনো একটি সম্পত্তি ভাঙচুরের মামলায় আদালতের পুনঃতদন্তের নির্দেশের পর ফের উত্তরপ্রদেশ পুলিশের জেরার মুখে পড়তে চলেছেন সমাজবাদী পার্টির (সপা) প্রবীণ নেতা আজম খান। ২০০৬ সালের একটি ঘটনার প্রেক্ষিতে দায়ের হওয়া ওই মামলায় হাজিরা দিয়ে বয়ান নথিভুক্ত করার জন্য রামপুর পুলিশ তাঁকে নোটিশ জারি করেছে। অভিযোগ অনুযায়ী, আজম খান রাজ্যের মন্ত্রী থাকাকালীন তাঁর নির্দেশেই জেলা প্রশাসন বেআইনিভাবে একটি স্থাপনা ভেঙে দিয়েছিল।
আরও পড়ুন:
রবিবার রামপুরে আজম খানের বাসভবনে নোটিশটি পৌঁছে দিতে গিয়েছিল পুলিশের একটি দল, তবে তিনি তা গ্রহণ করতে অস্বীকার করেছেন বলে খবর।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, এখন তাঁর আইনজীবীর মাধ্যমে ওই নোটিশ পাঠানো হবে। উল্লেখ্য, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দায়ের করা একটি পৃথক আর্থিক তছরুপের মামলায় গত ১৮ নভেম্বর জেল থেকে মুক্তি পাওয়ার কয়েক দিনের মাথাতেই এই নতুন আইনি জটিলতায় জড়ালেন তিনি।আরও পড়ুন:
অভিযোগপত্রে দাবি করা হয়েছিল যে, ২০০৬ সালে কোনো পূর্ব নোটিশ ছাড়াই ওই স্থাপনাটি ভেঙে ফেলা হয়েছিল। এই ঘটনায় আজম খানের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, তোলাবাজি, অপরাধমূলক ভীতিপ্রদর্শন এবং সম্পত্তি ধ্বংসের মতো গুরুতর ধারায় অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন:
২০০৭ সালে এই ঘটনায় একটি এফআইআর নথিভুক্ত হয়, যেখানে আজম খান এবং তৎকালীন সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তবে পর্যাপ্ত প্রমাণের অভাব দেখিয়ে সেই বছরেরই সেপ্টেম্বর মাসে পুলিশ মামলাটির ‘ক্লোজার রিপোর্ট’ জমা দেয়। পরবর্তীতে মূল অভিযোগকারীর পুত্র ওই ক্লোজার রিপোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হলে, ২০২৫ সালের জানুয়ারিতে একটি এমপি-এমএলএ আদালত মামলাটি পুনরায় খোলার ও নতুন করে তদন্তের নির্দেশ দেয়। প্রসঙ্গত, মূল অভিযোগকারী এবং এফআইআর-এ নাম থাকা অপর অভিযুক্ত ব্যক্তি—উভয়েরই ইতিমধ্যে মৃত্যু হয়েছে।