পুবের কলম ওয়েব ডেস্ক: ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ সংশোধনী আইন পাশ করাতে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হতে পারে বলে জোর জল্পনা চলছে। যদিও সেই বিশেষ অধিবেশন আদৌ বসবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তবে এই জল্পনার মধ্যেই শীতকালীন অধিবেশনের প্রস্তুতি শুরু করে দিয়েছে নরেন্দ্র মোদি সরকার। বিশেষ অধিবেশন ডাকা সম্ভব না হলেও, শীতকালীন অধিবেশনের শুরুতেই বহুল চর্চিত ‘নারী শক্তি বন্ধন অধিনিয়ম’ এবং আসন পুনর্বিন্যাস বিল পেশ করে তা পাশ করাতে মরিয়া কেন্দ্র।
সূত্রের খবর, বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মহিলা সংরক্ষণ সংশোধনী এবং আসন পুনর্বিন্যাস আইন পাশের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রীদের দ্রুত সংসদ অধিবেশনের প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত মন্ত্রীদের বিদেশযাত্রা এড়িয়ে চলার স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। যে কোনও সময় অধিবেশন ডাকা হলে সাংসদরা যাতে দিল্লিতে পৌঁছাতে পারেন, সেজন্য তাঁদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রীর ইঙ্গিত অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর বা তার এক-দু’দিন আগে শীতকালীন অধিবেশন ডাকা হতে পারে। তবে বাদল অধিবেশন এখনও আনুষ্ঠানিকভাবে সমাপ্ত বা ‘প্রোরোগ’ ঘোষণা করা হয়নি। সেই প্রক্রিয়া সম্পন্ন করে নতুন অধিবেশন ডাকতে কিছুটা সময় লাগবে বলেই ১৫ ডিসেম্বরের আগে শীতকালীন অধিবেশন শুরু করা সম্ভব নয় বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে এবারের শীতকালীন অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। তবে তার আগেই ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিশেষ অধিবেশন ডাকার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।
যে অধিবেশনেই হোক না কেন, ডিসেম্বরের মধ্যেই আসন পুনর্বিন্যাস আইন পাশ করাতে চাইছে কেন্দ্র এবং প্রয়োজনীয় সংখ্যাবল নিয়েও তারা যথেষ্ট আত্মবিশ্বাসী। বর্তমানে লোকসভার ৫৪০ জন কার্যকর সদস্যের মধ্যে দুই-তৃতীয়াংশ সমর্থনের জন্য ৩৬০টি ভোট প্রয়োজন। এনডিএ-র হাতে রয়েছে প্রায় ৩২০ জন সাংসদ। ডিএমকে-র ২২ জন সাংসদের সমর্থন মিললে সেই সংখ্যা দাঁড়াবে ৩৪২-এ, আর শরদ পাওয়ারের এনসিপি-র ৭ জন সাংসদ পাশে দাঁড়ালে সংখ্যাটি আরও বাড়বে। তবুও প্রয়োজনীয় সংখ্যা পেরোতে অন্যান্য দলের সমর্থন কিংবা ভোটাভুটির সময় বিরোধীদের অনুপস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে সরকারের অন্দরে অনেকেই আশাবাদী যে, সংখ্যা জোগাড় করতে কোনও সমস্যা হবে না।