পুবের কলম ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর মুঘলসরাইকে দীনদয়াল উপাধ্যায় মার্গ এবং এলাহাবাদকে প্রয়াগরাজ করার মতো একের পর এক স্থানের নাম বদলের ধারা এবার বাংলাতেও শুরু হতে চলেছে বলে জল্পনা তুঙ্গে। উত্তর দিনাজপুরের ইসলামপুরের নাম বদলে ‘ঈশ্বরপুর’ করার দাবিতে জোরদার আন্দোলনে নেমেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। বৃহস্পতিবার শহরজুড়ে ‘ঈশ্বরপুর’-এর দাবিতে পোস্টার ও ব্যানার দেখা যায়, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। ভিএইচপি-র এই দাবিকে সমর্থন জানিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব, তবে এর তীব্র বিরোধিতা করেছে স্থানীয় বাম ও কংগ্রেস।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত থেকেই ইসলামপুর শহরের বাস টার্মিনাস, শ্রীকৃষ্ণপুর ও অলিগঞ্জ এলাকায় বিশ্ব হিন্দু পরিষদের কর্মী-সমর্থকরা ব্যানার ও পোস্টার লাগান। পাশাপাশি শহরে প্রবেশের বিভিন্ন পথে রাজ্য সড়ক ও জাতীয় সড়কের ধারে ‘ঈশ্বরপুর শহরে স্বাগত’ এবং ‘ঈশ্বরপুর স্বাগত’ লেখা ব্যানার ঝোলানো হয়। বৃহস্পতিবার পথে নেমে এই দাবিতে সরব হতে দেখা যায় ভিএইচপি-র নেতা-কর্মীদের। শুধুমাত্র শহরের মধ্যেই সীমাবদ্ধ না রেখে বিস্তীর্ণ ইসলামপুর এলাকায় ব্যানার টাঙিয়ে প্রচারের মাত্রা আরও তীব্র করেছে সংগঠনটি।

এই প্রসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের জেলা সম্পাদক শশাঙ্ক গঙ্গোপাধ্যায় জানান, নির্বাচনের আগে ইসলামপুরে একটি সভা থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ইসলামপুরের নাম পরিবর্তন করে ঈশ্বরপুর করা হবে। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শহর ও শহরের প্রবেশমুখে এই ধরনের ব্যানার-পোস্টার লাগানোকে সেই প্রতিশ্রুতি পালনের প্রথম ধাপ হিসেবেই চর্চা শুরু হয়েছে। তবে এই দাবির কড়া বিরোধিতা করে কংগ্রেসের সাধারণ সম্পাদক আরুন রশিদ বলেন, দীর্ঘ বছর ধরে ইসলামপুর নামটি রয়েছে এবং তা পরিবর্তনের কোনও কারণ তিনি দেখছেন না; এতে ইতিহাস বদল করা হবে। অন্যদিকে, সিপিএমের শিক্ষক নেতা তাপস দাস এটিকে ‘ইতিহাস বদলে দেওয়ার চক্রান্ত’ বলে আক্রমণ করেছেন। সব মিলিয়ে গোটা ঘটনায় ইসলামপুর শহরজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।