পুবের কলম, ওয়েবডেস্ক: প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকা অত্যন্ত জরুরি এবং কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে নিজের অনুকূল না হলেই রাজনৈতিক উদ্দেশ্য বা ব্যক্তিগত স্বার্থে প্রতিষ্ঠানের ওপর আক্রমণ চালানো উচিত নয়—সুপ্রিম কোর্টে সংবিধান দিবস উদযাপন অনুষ্ঠানে এমনই তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত। বিচারব্যবস্থার উদ্দেশেও তাঁর স্পষ্ট পরামর্শ, যেকোনো মতভেদ বা দ্বিমত অবশ্যই নীতিগত যুক্তির ওপর ভিত্তি করে হওয়া উচিত।

সংবিধান দিবসের অনুষ্ঠানে প্রধান বিচারপতি মন্তব্য করেন যে, সাংবিধানিক গণতন্ত্রে দ্বিমত বা মতভেদ কোনো দুর্বলতা নয়। তাঁর কথায়, "একটি শক্তিশালী বার-কে অবশ্যই চ্যালেঞ্জ প্রশ্ন করার এবং দ্বিমত পোষণ করার সক্ষমতা রাখতে হবে। সমালোচনা এলে প্রতিটি মতভেদকে নিজের কর্তৃত্বের প্রতি চ্যালেঞ্জ হিসেবে না নিয়ে, নাগরিকদের সঙ্গে সংলাপ চালানোর ক্ষমতা একটি আত্মবিশ্বাসী প্রতিষ্ঠানের থাকা উচিত।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সংলাপ যেন সততা এবং প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা দ্বারা পরিচালিত হয়।"

একই সঙ্গে সমালোচকদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, "কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে বিষয়টি আপনার অনুকূলে নেই বলেই প্রতিষ্ঠানের ওপর আক্রমণ করা—তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বা ব্যক্তিগত স্বার্থান্বেষী হওয়া উচিত নয়।"

প্রধান বিচারপতির মতে, সংবিধানের পরীক্ষা কেবল অসাধারণ রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক সংকটের সময় হয় না, বরং ক্ষমতার সাধারণ ও দৈনন্দিন প্রয়োগেই সংবিধান প্রতিদিন পরীক্ষিত হয়। কোনো কর্তৃপক্ষ দুর্বল বা অসহায় নাগরিকের সঙ্গে কেমন আচরণ করছে, কোনো প্রতিষ্ঠান নিজের সীমাবদ্ধতা স্বীকার করতে কতটা প্রস্তুত এবং ভুল সংশোধনে কতটা তৎপর—এসবই সাংবিধানিক অঙ্গীকারের বহিঃপ্রকাশ। প্রতিষ্ঠানের হাতে ন্যস্ত ক্ষমতা কীভাবে প্রয়োগ করা হচ্ছে, তার ওপরই সাংবিধানিক নিশ্চয়তাগুলি দৈনন্দিন বাস্তবে রূপান্তরিত হওয়া নির্ভর করে বলে জানান তিনি।