পুবের কলম, ওয়েবডেস্ক: অসম বিধানসভার ডেপুটি স্পিকার হ্যাবে তেরনের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং তাঁদের পাঁচ বছর বয়সি পুত্রসন্তানের পিতৃত্ব অস্বীকার করার গুরুতর অভিযোগ তুললেন কার্বি আংলং জেলার এক মহিলা। সন্তানের পিতৃত্ব প্রমাণের জন্য ডিএনএ পরীক্ষার দাবি জানিয়েছেন তিনি। এবিষয়ে বিজেপি বিধায়ক হ্যাবে তেরনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন:
অভিযোগকারিণী মহিলার দাবি, কোভিড-১৯ অতিমারির সময় চিকিৎসার সূত্রে হ্যাবে তেরনের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরবর্তীকালে তেরন তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিলে তিনি তাঁর পূর্ববর্তী স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এবং গুয়াহাটির একটি ভাড়াবাড়িতে তেরনের সঙ্গে একত্রে বসবাস শুরু করেন।
সেখানেই তাঁদের একটি পুত্রসন্তানের জন্ম হয়।আরও পড়ুন:
মহিলার অভিযোগ, চলতি বছরের শুরুতে বিধায়ক নির্বাচিত হওয়ার পর এবং পরবর্তীকালে ডেপুটি স্পিকারের দায়িত্ব পাওয়ার পর থেকেই তেরন তাঁকে এড়িয়ে চলতে শুরু করেন এবং গুয়াহাটির ভাড়াবাড়ি থেকে তাঁকে বের করে দেন। তিনি আরও দাবি করেন যে, তেরনের সঙ্গে দেখা করতে গেলে নিরাপত্তারক্ষী মোতায়েন করে তাঁকে বাধা দেওয়া হয়েছে এবং তাড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি তেরনের ইশারায় অন্য ব্যক্তিদের দিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হেনস্তা করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।
আরও পড়ুন:
বুধবার একটি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, সমাজমাধ্যমে বিষয়টি তাঁর নজরে এসেছে।
তিনি বলেন, "কার্বি সমাজ নিজস্ব প্রথাগত আইন দ্বারা পরিচালিত হয়, তবে দেশের প্রচলিত আইনও রয়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর বলার কিছু নেই। আইন যা বলবে, আমরা তা-ই মেনে চলব।"আরও পড়ুন:
এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলকে তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধী কংগ্রেস। অসম প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বরঠাকুর গোস্বামী মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অভিযোগের নিরপেক্ষ ও সময়সীমাবদ্ধ তদন্তের দাবি জানিয়েছেন।