পুবের কলম, ওয়েবডেস্ক: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ভোটাররা বিজেপি বড়সড় ধাক্কা দিয়েছেন এবং সেই কারণেই নির্বাচনী প্রচারে বারবার ‘৪০০ পার’-এর স্লোগান তোলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন চুপচাপ বসে আছেন—বৃহস্পতিবার লখনউয়ে কংগ্রেস কার্যালয়ে ‘সংবিধান রক্ষা সম্মেলন’-এ ভাষণ দিতে গিয়ে এমনই আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। একই সঙ্গে মূল্যবৃদ্ধি, বেকারত্ব নিয়েও কেন্দ্রের শাসক দলকে তীব্র ভাষায় বিঁধেছেন তিনি।

লখনউয়ের সভায় উত্তরপ্রদেশের মানুষকে ধন্যবাদ জানিয়ে মল্লিকার্জুন খাড়গে বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানেই যেতেন, তাঁর সমস্ত ভাষণে বলতেন ‘আবকি বার, ৪০০ পার’। কিন্তু বিজেপি কি ৪০০ আসন পেরোতে পেরেছে?

মানুষ আপনাদের বিদায় জানিয়েছে। উত্তরপ্রদেশের মানুষই আপনাদের হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে। উত্তরপ্রদেশের কারণেই মোদী আজ চুপচাপ বসে আছেন।" উল্লেখ্য, ২০২৪ সালের সাধারণ নির্বাচনে উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৩৬টি আসনে জয়লাভ করেছিল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রকাশ্য বিবৃতি কমে যাওয়ার দাবি তুলে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পর্ক নিয়েও কটাক্ষ করেন কংগ্রেস সভাপতি। খাড়গের মন্তব্য, "আমি জানি না দুজনের (মোদী ও শাহ) মধ্যে বনিবনা হচ্ছে কি না।" পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম না করেই তাঁর প্রতি প্রচ্ছন্ন খোঁচা দিয়ে খাড়গে বলেন, লখনউয়ে বসে থাকা আরও এক নেতার চোখ প্রধানমন্ত্রীর চেয়ারের দিকে রয়েছে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে খাড়গে অভিযোগ করেন যে, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও বেকারত্বের জেরে সাধারণ মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

রান্নার গ্যাস এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম আকাশছোঁয়া হলেও বিজেপির তহবিল ক্রমশ ফুলেফেঁপে উঠছে বলে দাবি করেন তিনি। নির্বাচন কমিশনে সম্প্রতি জমা পড়া বিজেপির বার্ষিক অডিট রিপোর্টের তথ্য অনুযায়ী, শাসক দলের হাতে বর্তমানে প্রায় ১০,০০০ কোটি টাকার নগদ ও আমানত রয়েছে। এই প্রসঙ্গ টেনে খাড়গে প্রশ্ন তোলেন, "সব কিছুর দাম বেড়ে গিয়েছে। অথচ বিজেপির কোষাগার ভরে উঠছে। বিজেপি তাদের দলীয় তহবিলে এই ১০,০০০ কোটি টাকা কোথা থেকে পেল? আপনারা আমাদের প্রশ্ন করেন, কিন্তু আমরা জানতে চাই এই ১০,০০০ কোটি টাকা এল কোথা থেকে?"