পুবের কলম ওয়েব ডেস্ক: আপাতত রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার পদে আর রইলেন না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এই সংক্রান্ত মামলায় শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদন খারিজ করে দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার বিধানসভার স্পিকারের ওপরই ছাড়ল কলকাতা হাই কোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যে অর্থাৎ ৭ ডিসেম্বরের মধ্যে স্পিকার রথীন্দ্রনাথ বসুকে ঠিক করতে হবে যে, বিরোধী দলনেতা কে হবেন—মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় নাকি গণতান্ত্রিক তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। স্পিকার সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এই পদে কেউ থাকছেন না। হাই কোর্টের এই নির্দেশে ঋতব্রত শিবির যেমন ধাক্কা খেল, তেমনই কিছুটা হলেও পালে হাওয়া পেল কালীঘাট শিবির।


উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল দ্বিধাবিভক্ত হওয়ার পর থেকেই বিরোধী দলনেতার পদ নিয়ে টানাপোড়েন চলছে। সংখ্যাগরিষ্ঠতার নিরিখে গণতান্ত্রিক তৃণমূলের তরফে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা হয় এবং স্পিকার রথীন্দ্রনাথ বসুও তাঁকে স্বীকৃতি দেন। কিন্তু নিজেদের ‘আসল তৃণমূল’ দাবি করে এর বিরোধিতায় প্রথমে স্পিকার এবং পরে কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়। ঋতব্রত-সহ বেশ কয়েকজন বিধায়ক দলত্যাগ আইন মেনে দলবদল করেননি—এই অভিযোগ তুলে তাঁদের বিধায়ক পদ খারিজের দাবি জানান তিনি। আগেও হাই কোর্ট ও শীর্ষ আদালত চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিষয়টি স্পিকারের কোর্টেই ঠেলেছিল।
তবে গত অক্টোবরের মাঝামাঝি সময়ে স্পিকার জানিয়ে দেন, শোভনদেবের আবেদনের পদ্ধতি সঠিক ছিল না এবং তাঁকে নতুন করে আবেদন করার নির্দেশ দেওয়া হয়।
এরপর ফের স্পিকারের কাছে আবেদন জানানোর পাশাপাশি হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করে মমতা তৃণমূল। শুক্রবার সেই মামলাতেই বিচারপতি কৃষ্ণা রাও শোভনদেবের আবেদন খারিজ করে ১০ দিনের মধ্যে স্পিকারকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেন। আদালতের এই রায়ের পর মমতা তৃণমূলের আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তখন অস্থায়ীভাবে দু’মাসের জন্য বিরোধী দলনেতার পদে বসেছিলেন এবং তারপর থেকে তিনি বিরোধী দলনেতা সেজে ঘুরে বেড়াচ্ছিলেন; আদালতের রায়ে সেই যন্ত্রণা থেকে তিনি মুক্তি পেলেন। ১০ দিনের মধ্যে স্পিকার ঠিক করবেন বিরোধী দলনেতা কে হবেন এবং ততদিন পর্যন্ত পদটি ফাঁকাই থাকবে বলে জানান তিনি। অন্যদিকে, আগামী ৪ ডিসেম্বর থেকে বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে। তার আগে স্পিকার কোনও সিদ্ধান্ত না নিলে বিরোধী দলনেতা ছাড়াই অধিবেশন শুরু করতে হবে, যা সম্ভবত বিধানসভার ইতিহাসে বেনজির ঘটনা হতে চলেছে।