পুবের কলম ওয়েব ডেস্ক:  শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামি লিগের বিক্ষোভে যখন পদ্মাপার উত্তাল, ঠিক তখনই পাকিস্তান সফরে গিয়ে ভারতের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বাংলাদেশের সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনার ভূমিকাকে কার্যত অস্বীকার করে তাঁর দাবি, ১৯৭১ সালের যুদ্ধে বাংলাদেশকে সাহায্য করা নয়, বরং পাকিস্তানকে দুর্বল করাই ছিল দিল্লির আসল উদ্দেশ্য। তারেক রহমানের দূতের এই মন্তব্যে স্পষ্ট যে, হাসিনা দেশ ছাড়ার পর মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার যে ভারতবিদ্বেষী ও পাকিস্তান-ঘেঁষা নীতি নিয়েছিল, নির্বাচিত বিএনপি সরকারও তা থেকে একচুল সরেনি। স্বভাবতই গোটা বিষয়টিকে ভালোভাবে দেখছে না নয়াদিল্লি।
বুধবার পাকিস্তানের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ‘আইওয়ান-ই-সদরে’ গিয়ে দেখা করেন হাফিজউদ্দিন আহমদ।

পাশাপাশি বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও। একই দিনে ইসলামাবাদে পার্লামেন্ট ভবন পরিদর্শন করেন তিনি। বিবিসি উর্দুর প্রতিবেদন অনুযায়ী, সেখানে এক সাংবাদিক সম্মেলনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে পাক সাংবাদিকদের তিনি বলেন, একাত্তরে ভারত বাঙালিদের সাহায্য করেনি, বরং পাকিস্তানকে দুর্বল করেছিল। তাঁর আরও অভিযোগ, শেখ হাসিনার ১৫ বছরের শাসনকালে বাংলাদেশ কার্যত ভারতের একটি ‘উপনিবেশে’ পরিণত হয়েছিল এবং এর ফলে দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
উল্লেখ্য, হাফিজউদ্দিন আহমদ পাক বাহিনীর প্রাক্তন ক্যাপ্টেন হিসেবে ১৯৭১ সালের যুদ্ধে লড়াই করেছিলেন এবং পরবর্তীকালে সাহসিকতার জন্য বাংলাদেশে সম্মানিত হন।
তাঁর কাছ থেকে ভারতবিদ্বেষী মন্তব্য স্বাভাবিক বলে মনে করলেও, বিএনপি সরকার তাঁকে স্পিকার করায় বিষয়টিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে দিল্লি। হাফিজউদ্দিনের আরও দাবি, একাত্তরে বাঙালিরা গণতন্ত্রের দাবি জানিয়েছিল, কিন্তু তাদের সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল এবং ক্ষমতাশালী প্রতিবেশী ভারতই সেই গণতন্ত্রের অধিকার কেড়ে নিয়েছিল।
অন্যদিকে, বাংলাদেশের শীর্ষ প্রতিনিধি দলের এই সফর চলাকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঢাকার সঙ্গে ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান। দুই দেশের সংসদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, এই সফর দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করবে। ধর্মীয় ও সাংস্কৃতিক মেলবন্ধনের কথা উল্লেখ করে বিশেষ কূটনৈতিক সম্পর্কের ইঙ্গিতও দিয়েছে ইসলামাবাদ। তবে একদিকে যখন ঢাকা-ইসলামাবাদ ঘনিষ্ঠতা প্রকাশ্যে আসছে, ঠিক সেই সময়েই বিদ্যুৎ, জ্বালানি, খাদ্যপণ্য থেকে শুরু করে প্রযুক্তি—নানা ক্ষেত্রে ভারতের ওপর নির্ভরশীল তারেক রহমান সরকার। বাংলাদেশের এই দ্বিচারিতার দিকে তীক্ষ্ণ নজর রাখছে দিল্লি।