রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘রাজনীতির গ্র্যান্ডমাস্টার’ বা রাজনীতির মহান ব্যক্তিত্ব এবং একজন ‘ঐতিহাসিক ব্যক্তিত্ব’ বলে আখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনার। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা চলার মধ্যেই কুশনারের এই মন্তব্য আন্তর্জাতিক রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

জার্মান মিডিয়া গ্রুপ অ্যাক্সেল স্প্রিঙ্গারের প্রধান নির্বাহী ম্যাথিয়াস ডপফনারের ‘এমডি মিটস’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে পুতিন সম্পর্কে নিজের মূল্যায়ন তুলে ধরেন কুশনার। তাঁর মতে, পুতিনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে মতপার্থক্য বা সমালোচনা থাকলেও তিনি একজন অত্যন্ত সুশৃঙ্খল, বিচক্ষণ ও দক্ষ রাজনীতিক।

কুশনার জানান, পুতিনের সঙ্গে বৈঠকে তিনি বরাবরই তাঁকে অত্যন্ত প্রস্তুত অবস্থায় পেয়েছেন। বৈঠকে পুতিন মনোযোগ দিয়ে আলোচনা শোনেন, বিস্তারিত নোট নেন এবং প্রতিটি বিষয় সম্পর্কে গভীর জ্ঞান ও বোঝাপড়া রাখেন। কুশনার ও তাঁর সহযোগী মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মূল্যায়ন, পুতিন শুধু যুদ্ধের অবসান চান না, পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতেও আগ্রহী।

কুশনারের দাবি, পুতিন এখনও পর্যন্ত যথেষ্ট সংযম দেখিয়েছেন এবং পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছেন।

তবে তাঁর কথায়, মার্কিন উদ্যোগ সত্ত্বেও রুশ প্রেসিডেন্ট অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি নন।

শান্তি আলোচনার অন্যতম জটিল বিষয় হয়ে উঠেছে ভূখণ্ডের মালিকানা ও আঞ্চলিক বিরোধ। এই ইস্যুতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা কার্যত অচলাবস্থায় পৌঁছেছে বলে জানান কুশনার। একইসঙ্গে ইউক্রেন যুদ্ধকে ইউরোপের একটি ‘প্রক্সি ওয়ার’ হিসেবে উল্লেখ করে তিনি মন্তব্য করেন, যুদ্ধ বন্ধে ইউরোপের হাতে কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা নেই।

যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও পুতিনের অবস্থান, ভূখণ্ডগত বিরোধ এবং রাশিয়া-ইউক্রেনের পারস্পরিক অনাস্থার কারণে শান্তি প্রক্রিয়া এখনও জটিলতার মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে পুতিন সম্পর্কে কুশনারের ইতিবাচক মূল্যায়ন আন্তর্জাতিক কূটনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে।