পুবের কলম, নয়াদিল্লি: আন্দোলন বা বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে স্বীকৃত সাংবাদিক এবং সমাজমাধ্যমের স্বঘোষিত সাংবাদিকদের আইনি সুরক্ষা কি একই হওয়া উচিত? এই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির সময় বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, স্বঘোষিত সাংবাদিকেরা স্বীকৃত সাংবাদিকদের মতো সমান সুরক্ষা নাও পেতে পারেন। তবে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানায়নি শীর্ষ আদালত।
দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের হাতে সাত সাংবাদিক হেনস্থার শিকার হয়েছিলেন বলে অভিযোগ।
শুনানিতে বিচারপতি বাগচি বলেন, সাংবাদিকের পরিচয় নিজে নিজে ঘোষণা করলেই প্রতিষ্ঠিত হয় না। সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল কিংবা স্বীকৃত অনলাইন সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত সাংবাদিকদের পরিচয়ের নির্দিষ্ট ভিত্তি রয়েছে। কিন্তু সমাজমাধ্যমে ভিডিও বা রিল তৈরি করেন, এমন প্রত্যেক ব্যক্তিকে সাংবাদিক হিসেবে একই ধরনের সুরক্ষা দেওয়া যায় কি না, তা বিবেচনা করা প্রয়োজন।
আদালত আরও জানতে চেয়েছে, বিক্ষোভের সময় সাংবাদিকদের কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিশেষ কোনও অধিকার বা সুবিধা রয়েছে? কোনও সাংবাদিককে ঘটনাস্থল থেকে জোর করে সরিয়ে নিয়ে যাওয়া হলে, সেটিকে আটক হিসেবে গণ্য করা হবে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছে বেঞ্চ।
প্রধান বিচারপতি জানিয়েছেন, সাংবাদিকদের সঙ্গে পুলিশের আচরণ নিয়ন্ত্রণে কোনও নির্দিষ্ট নির্দেশিকা বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) তৈরির ক্ষেত্রে আইনের অস্পষ্টতা দূর করতে আদালত হস্তক্ষেপ করতে পারে।
এদিকে, সাত সাংবাদিকের হেনস্থার অভিযোগ খতিয়ে দেখতে মামলাটি অবসরপ্রাপ্ত বিচারপতি আর সুভাষ রেড্ডির নেতৃত্বাধীন তদন্ত কমিটির কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় তথ্যপ্রমাণ কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে আবেদনকারীদের।