পুবের কলম ওয়েবডেস্ক, রাহুল গান্ধীর নাম বা ছবি থাকলেই ইনস্টাগ্রামে পোস্ট আটকে দেওয়া হচ্ছে—এমন অভিযোগ তুলে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে যুব কংগ্রেস। ২৬ নভেম্বর সংগঠনটির জাতীয় সম্পাদক মনু জৈন এই আবেদন করেন। মেটার স্বয়ংক্রিয় ব্যবস্থা এবং কেন্দ্রের তথ্যপ্রযুক্তি বিধির সংশ্লিষ্ট ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

যুব কংগ্রেসের অভিযোগ, গত ২৯ সেপ্টেম্বর থেকে ২৩ নভেম্বরের মধ্যে রাহুল গান্ধীকে নিয়ে একাধিক পোস্ট ভারতে দেখা যায়নি।

এর মধ্যে ছিল তাঁর সঙ্গে কর্মীদের ছবি, জন্মদিনের শুভেচ্ছা, বিয়ের আমন্ত্রণপত্র এবং প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে স্মরণ করে করা পোস্ট। শিকাগো বিশ্ববিদ্যালয়ে রাহুলের বক্তৃতার একটি পোস্টও ১৯ নভেম্বর আটকে দেওয়া হয়েছিল। পরে সেটি ফিরিয়ে দেওয়া হয়।

কংগ্রেসের দাবি, বিজেপির পক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি একাধিক প্রচারমূলক পোস্ট অনলাইনে থাকলেও বিরোধীদের পোস্ট সরিয়ে দেওয়া হচ্ছে।

২৪ নভেম্বর মেটার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকেও বিষয়টি তুলেছিলেন কংগ্রেস নেতারা। মেটা অবশ্য রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ অস্বীকার করেছে।

আবেদনে পোস্ট সরানোর কারণ, সরকারি নির্দেশ এবং ব্যবহৃত শব্দ বা মানদণ্ড প্রকাশের দাবি জানিয়েছে যুব কংগ্রেস। রাহুলের নাম বা ছবি থাকার কারণে যেন কোনও পোস্ট আটকানো না হয়, সেই নির্দেশও চাওয়া হয়েছে।