আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল নিয়ে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। বিরোধী জোটের ঘোষিত অবস্থানের বাইরে গিয়ে সমর্থনের ইঙ্গিত দিয়েছে শরদ পওয়ারের এনসিপি শিবির। এবার সেই পথে হাঁটতে পারে তামিলনাড়ুর শাসক দল ডিএমকেও। তবে বিলের সমর্থনে নির্দিষ্ট শর্ত বেঁধে দিয়েছে এম কে স্ট্যালিনের দল। কেন্দ্র লিখিত আশ্বাস দিলে ডিলিমিটেশন বিলকে সমর্থনের বিষয়টি বিবেচনা করতে পারে ডিএমকে।
আরও পড়ুন:
ডিলিমিটেশন বিল নিয়ে আলোচনার জন্য ইতিমধ্যেই লোকসভা ও রাজ্যসভায় বিশেষ অধিবেশন ডাকার উদ্যোগ নিয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে বিরোধী শিবিরের একাধিক দলের অবস্থান বদলের ইঙ্গিত রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
ডিএমকে বরাবরই আসন পুনর্বিন্যাসের বিরোধিতা করে এসেছে। দলের আশঙ্কা, জনসংখ্যার ভিত্তিতে লোকসভার আসন পুনর্বিন্যাস হলে উত্তর ভারতের রাজ্যগুলির আসনসংখ্যা তুলনামূলকভাবে বেশি বৃদ্ধি পাবে। অন্যদিকে, জনসংখ্যা নিয়ন্ত্রণে সাফল্য পাওয়া দক্ষিণ ভারতের রাজ্যগুলি রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে বঞ্চিত হতে পারে। এই যুক্তিতেই আগে ডিলিমিটেশন প্রক্রিয়ার বিরোধিতা করেছিল স্ট্যালিনের দল।
আরও পড়ুন:
তবে এবার অবস্থানে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দলীয় সূত্রের দাবি, লোকসভার আসনসংখ্যা বাড়লেও তামিলনাড়ুর বর্তমান প্রতিনিধিত্বের অনুপাত বজায় রাখার বিষয়ে কেন্দ্র লিখিত আশ্বাস দিলে বিলকে সমর্থন করতে পারে ডিএমকে। বর্তমানে লোকসভার মোট আসনের প্রায় ৭.২ শতাংশ তামিলনাড়ুর।
আসন পুনর্বিন্যাসের পরও রাজ্যের এই অনুপাত বজায় রাখার দাবি জানিয়েছে দল।আরও পড়ুন:
ডিএমকের এক সাংসদের বক্তব্য, বিলের খসড়া খতিয়ে দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। খসড়ায় তামিলনাড়ুর প্রতিনিধিত্বের অনুপাত বজায় রাখার লিখিত প্রতিশ্রুতি থাকলে সমর্থনের বিষয়টি বিবেচনা করা হতে পারে।
আরও পড়ুন:
এই রাজনৈতিক অবস্থান পরিবর্তনের পিছনে কংগ্রেসের সঙ্গে সাম্প্রতিক দূরত্বও গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের পর রাজ্যের রাজনৈতিক সমীকরণে কংগ্রেসের ভূমিকা নিয়ে ডিএমকের অসন্তোষ তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে কেন্দ্রের গুরুত্বপূর্ণ বিল নিয়ে ডিএমকের সম্ভাব্য অবস্থান পরিবর্তন জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।
আরও পড়ুন:
ডিলিমিটেশন বিল পাশ করাতে সংসদে দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন।
সূত্রের দাবি, লোকসভায় এনডিএ-র সমর্থন বর্তমানে ৩১৯-এর কাছাকাছি। শরদ পওয়ারের শিবির ও ডিএমকের সমর্থন পেলে সেই সংখ্যা আরও বাড়বে, ফলে বিল পাশের পথ অনেকটাই সহজ হতে পারে।আরও পড়ুন:
রাজ্যসভাতেও সংখ্যার হিসাব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। সেখানে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৬৩টি ভোট প্রয়োজন বলে রাজনৈতিক মহলের হিসাব। শরদ পওয়ার ও স্ট্যালিনের দল সমর্থন দিলে কেন্দ্রের পক্ষে প্রয়োজনীয় সংখ্যার কাছাকাছি পৌঁছনো সম্ভব হতে পারে।
আরও পড়ুন:
তবে ডিলিমিটেশন বিল নিয়ে চূড়ান্ত রাজনৈতিক সমীকরণ নির্ভর করবে বিলের খসড়া, কেন্দ্রের আশ্বাস এবং বিভিন্ন দলের শেষ মুহূর্তের অবস্থানের উপর। দক্ষিণ ভারতের রাজ্যগুলির প্রতিনিধিত্বের প্রশ্নে কী সিদ্ধান্ত নেয় কেন্দ্র, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।