পুবের কলম ওয়েবডেস্ক, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যে নিরাপত্তা জোরদার করেছে সরকার। বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার পল্লবী ও বাড্ডায় দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পল্লবীতে কালশী সড়কে চলন্ত বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে চালক আগেই যাত্রীদের নামিয়ে দেওয়ায় হতাহতের খবর পাওয়া যায়নি। কুষ্টিয়ায় বোমা বিস্ফোরণ এবং চট্টগ্রামসহ কয়েকটি স্থানে পুলিশ কিয়স্কে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
আরও পড়ুন:
শুক্রবার বিজিবি জানিয়েছে, ঢাকা ও পাঁচ জেলায় মোট ১০৯ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে ৫৬, গাজীপুরে ১৮, সাভার ও আশুলিয়ায় ১৮, নারায়ণগঞ্জে সাত, কক্সবাজারে সাত এবং চট্টগ্রামে তিন প্লাটুন রয়েছে। আরও চার প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে।
আরও পড়ুন:
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশজুড়ে বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৩৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ঢাকায় ৫০ জন।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার সাবেক উপ-প্রেসসচিব কেএম শাখাওয়াত মুন এবং সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফিরদৌস ডরিন।আরও পড়ুন:
এদিকে গোপালগঞ্জে বুধবার রাত থেকে বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ব্যাংকিং পরিষেবার বহু গ্রাহকের হিসাব সাময়িকভাবে বন্ধ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের দাবি, সন্দেহজনক লেনদেনের কারণে এই পদক্ষেপ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের অভিযোগ, বিভিন্ন জেলা থেকে গোপালগঞ্জে অস্বাভাবিক পরিমাণ অর্থ পাঠানো হচ্ছিল। এতে সাধারণ মানুষও বিপাকে পড়েছেন।
আরও পড়ুন:
গোপালগঞ্জে ট্রেন চলাচলও প্রায় নয় দিন ধরে বন্ধ। রেল কর্তৃপক্ষ নিরাপত্তার কারণে আপাতত পরিষেবা চালুর সম্ভাবনা দেখছে না। বিকল্প হিসেবে ২৮ নভেম্বর থেকে পোড়াদহ ও রাজবাড়ী হয়ে ঢাকা-খুলনা পথে ট্রেন চালুর প্রস্তাবও বিবেচনায় রয়েছে।
আরও পড়ুন:
শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনা মেরামত, উন্নয়ন বরাদ্দ ও পরিষেবা চালু করা নিয়ে আপাতত ধীরগতির নীতি নিয়েছে সরকার। বৃহস্পতিবার বিএনপির এক বৈঠকেও গোপালগঞ্জের পরিস্থিতি এবং মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর ও রাজবাড়ীর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।