পুবের কলম, ওয়েবডেস্ক: সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন বিলে সমর্থনের জল্পনার আবহেই আসন্ন সংসদের বিশেষ অধিবেশনে উপস্থিত থাকার জন্য দলের লোকসভা সাংসদদের হুইপ জারি করল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (শরদচন্দ্র পওয়ার)। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা অধিবেশনে লোকসভার আটজন দলীয় সাংসদকেই বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

দলের সাংসদ অমল কোলহে এই হুইপ জারি করে জানিয়েছেন, লোকসভায় ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়’ নিয়ে আলোচনা হবে এবং সকল সদস্যকে দলের অবস্থানকে সমর্থন জানাতে হবে। হুইপে বলা হয়েছে, "যেহেতু সোমবার, ৩০ নভেম্বর থেকে শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত লোকসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি কাজকর্ম গৃহীত হবে, তাই ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি-শরদচন্দ্র পওয়ারের লোকসভার সকল সদস্যকে কোনো ব্যতিক্রম ছাড়াই ওই সময়কালে কক্ষে উপস্থিত থাকতে এবং দলের অবস্থানকে সমর্থন করতে অনুরোধ করা হচ্ছে।"

কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সমাজমাধ্যমে এই বিশেষ অধিবেশনের কথা ঘোষণার ঠিক একদিন পরই এনসিপি (এসপি)-র তরফে এই পদক্ষেপ নেওয়া হলো।

রিজিজু জানিয়েছিলেন, জরুরি সরকারি কাজকর্ম পরিচালনার জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে লোকসভার অধ্যক্ষ এবং রাজ্যসভার চেয়ারম্যানকে যথাক্রমে ৩০ নভেম্বর এবং ২ ডিসেম্বর অধিবেশন পুনরায় আহ্বান করার অনুরোধ জানানো হয়েছে। কাজের প্রয়োজনীয়তা সাপেক্ষে আগামী ৩ ডিসেম্বর উভয় কক্ষের অধিবেশন শেষ হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, এই বিশেষ অধিবেশনটি মূলত বাদল অধিবেশনেরই বর্ধিত অংশ। কারণ, গত ১৩ আগস্ট সংসদ অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করা হলেও আনুষ্ঠানিকভাবে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়নি। সাম্প্রতিক সময়ে ডিলিমিটেশন বিল নিয়ে এনসিপি (এসপি) সাংসদ সুপ্রিয়া সুলের একটি মন্তব্য ঘিরে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে।