পুবের কলম ওয়েব ডেস্ক: শুক্রবার অন্ডালে ৫০০ শয্যার একটি বেসরকারি ক্যানসার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকেই তিনি জানান, বাংলায় আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ গড়ে তোলা হবে এবং তার জন্য ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি ক্যানসার-সহ অন্যান্য দুরারোগ্য রোগের দামি ওষুধ সস্তায় দেওয়ার জন্য রাজ্যের সমস্ত হাসপাতালে ‘অমৃত মেডিসিন সেন্টার’ খোলার ঘোষণাও করেন তিনি।
পালাবদলের পর থেকেই সাধারণ মানুষ যাতে অল্প খরচে সঠিক চিকিৎসা পান, সেই লক্ষ্যে স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে সরকার। ইতিমধ্যেই নিউটাউনে আদানিদের হাসপাতাল তৈরির কাজ শুরু হয়েছে, যেখানে দরিদ্রদের জন্য বিনামূল্যে এক হাজার শয্যা রাখা হচ্ছে।

এদিন অন্ডালের মঞ্চ থেকে স্বাস্থ্য ক্ষেত্রের কাজকর্ম ও আগামী পরিকল্পনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যের সাড়ে আট কোটি মানুষকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে সাড়ে ছয় কোটি মানুষ ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের আওতায় রয়েছেন এবং বাকিরা ‘মুখ্যমন্ত্রী হেলথ স্কিম’-এর সুবিধা পাচ্ছেন। ক্যানসারের মতো দুরারোগ্য রোগের দামি ওষুধ কিনতে গিয়ে নিম্ন ও মধ্যবিত্তদের নাভিশ্বাস ওঠে বলেই সমস্ত হাসপাতালে অমৃত মেডিসিন সেন্টার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এদিনের অনুষ্ঠান থেকে পূর্বতন তৃণমূল সরকারকেও নিশানা করেন শুভেন্দু অধিকারী।
তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে বিধায়ক, মন্ত্রী ও সাংসদদের বেতন বাড়লেও হাসপাতালে রোগীদের তিন বেলার খাবারের বরাদ্দ ৫৬ টাকা ৪০ পয়সাই ছিল। বর্তমান সরকার দায়িত্বে এসেই সেই বরাদ্দ বাড়িয়ে ১১০ টাকা করেছে। পাশাপাশি সব হাসপাতালে হার্টের রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। বাংলার বাসিন্দাদের চিকিৎসার জন্য ভিনরাজ্যে যাওয়ার প্রবণতা নিয়ে আক্ষেপ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, বিদেশের মানুষ বাংলায় চিকিৎসা করাতে এলেও বাংলার মানুষ ভেলোরে যাচ্ছেন—এই পরিস্থিতি বদলাতে হবে। বাংলার মানুষ বাংলাতেই সেরা চিকিৎসা পাবেন বলে আশ্বাস দেন তিনি।