পুবের কলম, ওয়েবডেস্ক: শেয়ার্ড বা পাবলিক কম্পিউটারে ‘হোয়াটসঅ্যাপ ওয়েব’ ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিশেষ করে এই মাধ্যম ব্যবহার করে কোনো ধরনের সরকারি, দাপ্তরিক বা সংবেদনশীল তথ্য আদানপ্রদান না করার জন্য নাগরিকদের সতর্ক করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার অপরাধ দমন শাখা জানিয়েছে, ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ওয়েবের সেশন সক্রিয় থাকলে সাইবার অপরাধীদের হাতে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ চলে যাওয়ার প্রবল ঝুঁকি থাকে। তাই প্রতিটি ব্যবহারের পর বাধ্যতামূলকভাবে ম্যানুয়ালি লগ-আউট করার পরামর্শ দিয়েছে মন্ত্রক।
আরও পড়ুন:
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ‘ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার’ (I4C) এবং এর ‘ন্যাশনাল সাইবারক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট’ একটি নতুন নির্দেশিকায় জানিয়েছে যে, হোয়াটসঅ্যাপ ওয়েবের একটি সক্রিয় সেশন ব্যবহার করে হ্যাকার বা সাইবার অপরাধীরা অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশাধিকার পেতে পারে।
এর ফলে অপরাধীরা ব্যবহারকারীর ব্যক্তিগত ও গ্রুপের সমস্ত বার্তা পড়ে ফেলা, অ্যাকাউন্টধারীর পরিচয় ছদ্মবেশে ব্যবহার করে অন্যদের বার্তা পাঠানো, কনট্যাক্ট লিস্টের তথ্য হাতিয়ে নেওয়া এবং ব্যবহারকারীর বিশ্বস্ত পরিচয়কে কাজে লাগিয়ে আর্থিক প্রতারণা, ফিশিং এবং সোশ্যাল-ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জালিয়াতি করতে পারে।আরও পড়ুন:
নির্দেশিকায় I4C স্পষ্ট জানিয়েছে, কম্পিউটারের ব্রাউজার উইন্ডো বা নির্দিষ্ট ট্যাবটি কেবল বন্ধ করে দিলেই একটি অনুমোদিত সেশন শেষ হয়ে যায় না। এর জন্য ব্যবহারকারীদের প্রতিটি সেশনের পর ম্যানুয়ালি লগ-আউট করতে হবে। নির্দেশিকায় বলা হয়েছে, "অফিস কম্পিউটার, শেয়ার্ড সিস্টেম, পাবলিক কম্পিউটার বা অন্য ব্যক্তিদের নাগালে থাকতে পারে এমন ডিভাইসে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। হোয়াটসঅ্যাপ ওয়েবে দাপ্তরিক বা সংবেদনশীল কাজ এড়িয়ে চলুন। কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব সেশনের মাধ্যমে সরকারি, প্রাতিষ্ঠানিক, আর্থিক, গোপনীয় বা অন্যান্য সংবেদনশীল তথ্য আদানপ্রদান না করাই শ্রেয়।"