পুবের কলম ওয়েব ডেস্ক: ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভের পর এবার আইনি বিপাকে পড়লেন দলের প্রধান অভিজিৎ দীপকে এবং আরও এক শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা। তাঁদের দু’জনের বিরুদ্ধেও ‘লুক আউট সার্কুলার’ (এলওসি) জারি করা হয়েছে। এর আগে পাসপোর্টের তথ্যে গরমিল থাকার কারণে সিজেপি নেতা সৌরভের বিরুদ্ধে লুক আউট নোটিস জারির কথা দিল্লি হাই কোর্টে জানিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
জানা গিয়েছে, গত ২ অক্টোবর মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল সিজেপি, কিন্তু মুম্বই পুলিশ তাতে অনুমতি দেয়নি।
অন্যদিকে, পাসপোর্টের তথ্যে গরমিলের জেরে ইতিমধ্যেই সমস্যায় পড়েছেন সিজেপি নেতা সৌরভ। দিন দুয়েক আগে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু চেন্নাই বিমানবন্দরে তাঁকে বাধা দেওয়া হয় এবং লন্ডনগামী বিমানে উঠতে দেওয়া হয়নি বলে অভিযোগ। সে সময় তাঁকে জানানো হয়েছিল যে পাসপোর্টে সমস্যার কারণে তিনি বিদেশ যেতে পারবেন না। এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক ছড়ায়।
বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টে কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা জানান, গত ২৩ নভেম্বর মুম্বই পুলিশ সৌরভের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করায় তাঁকে বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে। সূত্রের খবর, সৌরভের পাসপোর্টে উল্লিখিত জন্মস্থানের সঙ্গে অন্যান্য সরকারি নথির তথ্যের মিল নেই। শুধু তা-ই নয়, পাসপোর্টে তাঁর জন্মতারিখ এবং বাবার নামের জায়গাটিও ফাঁকা রয়েছে। কেন্দ্রের বক্তব্য, পাসপোর্টে ভুল তথ্য দেওয়া বা কোনও তথ্য না দেওয়া আদতে তথ্য গোপন করার শামিল, যা অপরাধ। আগামী দিনে সৌরভের ভারতীয় নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠতে পারে বলে জানানো হয়েছে। এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করার জন্য আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে সৌরভকে।