ওয়াহিদ রেজা: মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের শিক্ষা পরিকাঠামোর উন্নয়নে চারটি জুনিয়র হাই স্কুলকে মাধ্যমিক স্তরে উন্নীত করার দাবি জানালেন স্থানীয় বিধায়ক ডা আবদুল আজিজ। ২৭শে নভেম্বর পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে লিখিত এক চিঠিতে তিনি এই জরুরি আবেদন জানান।
চিঠিতে বিধায়ক উল্লেখ করেন, এলাকার সাধারণ মানুষ এবং স্কুল পরিচালন কমিটিগুলির কাছ থেকে তিনি নিয়মিত শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোর অভাবের কথা জানতে পারছেন। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে তিনি ব্লকের চারটি বিদ্যালয়ের মানোন্নয়ন এবং প্রশাসনিক হস্তক্ষেপ জরুরি।

এই বিদ্যালয়গুলি হলো কদমতলা জুনিয়র গার্লস স্কুল, রিয়ানপুর খামারপাড়া জুনিয়র হাই স্কুল, চানুয়াপাড়া জুনিয়র হাই স্কুল এবং সীতেশনগর জুনিয়র হাই স্কুল।
বিধায়ক জানান, কদমতলা অঞ্চলে এই গার্লস স্কুলটিই একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান। নিকটবর্তী উচ্চ বিদ্যালয়গুলি ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে হওয়ায় ছাত্রীদের স্কুলছুট রুখতে এর মানোন্নয়ন অত্যন্ত জরুরি। অন্যদিকে, প্রায় ৫০০ জন পড়ুয়া বিশিষ্ট রিয়ানপুর খামারপাড়া জুনিয়র হাই স্কুলের পরিদর্শন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
তবে বিদ্যালয়টি একটি প্রাথমিক বিদ্যালয়ের জমিতে অনাপত্তিপত্রের মাধ্যমে চলায়, সেই জমিটি আইনত জুনিয়র হাই স্কুলের নামে হস্তান্তরের অনুরোধ জানিয়েছেন তিনি। পাশাপাশি, সীতেশনগর জুনিয়র হাই স্কুলে প্রায় ৫০০ জন ছাত্রছাত্রীর জন্য মাত্র একজন অতিথি শিক্ষক রয়েছেন। সেখানকার নিকটবর্তী হাই স্কুলটিও ৫ কিলোমিটার দূরে অবস্থিত। তাই এই বিদ্যালয়টির মানোন্নয়নের পাশাপাশি দ্রুত স্থায়ী শিক্ষক নিয়োগের দাবিও জানিয়েছেন বিধায়ক।
লালগোলা ব্লকের ছাত্রসমাজের বৃহত্তর স্বার্থে শিক্ষামন্ত্রীর দ্রুত ও ইতিবাচক পদক্ষেপের আশা প্রকাশ করেছেন বিধায়ক  আবদুল আজিজ।