পুবের কলম ওয়েব ডেস্ক:  জিরামজি প্রকল্পের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার। কর্মীদের মাসিক বেতন বাড়ানোর পাশাপাশি একগুচ্ছ নতুন সুযোগ-সুবিধার কথা জানিয়ে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকারের এই নতুন সিদ্ধান্ত গত ১ নভেম্বর থেকেই কার্যকর করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমান মাসিক বেতন এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে কর্মীদের পারিশ্রমিক মাসে ৬ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। যাঁদের বর্তমান মাসিক বেতন ২৫ হাজার টাকা পর্যন্ত এবং কাজের অভিজ্ঞতা ১০ বছরের কম, তাঁদের বেতন মাসে ৬ হাজার টাকা বাড়ছে।

তবে ওই একই বেতন কাঠামোয় যাঁদের অভিজ্ঞতা ১০ বছরের বেশি, তাঁরা মাসে ৭ হাজার টাকা বেশি পাবেন। অন্যদিকে, যাঁদের বর্তমান মাসিক বেতন ২৫ হাজার থেকে ৪৫ হাজার টাকার মধ্যে, তাঁদের ক্ষেত্রে ১০ বছরের কম অভিজ্ঞতা থাকলে মাসে ৭ হাজার টাকা এবং ১০ বছরের বেশি অভিজ্ঞতা থাকলে মাসে ৮ হাজার টাকা পারিশ্রমিক বৃদ্ধি পাচ্ছে।
কেবল মাসিক বেতন বৃদ্ধিই নয়, জিরামজি প্রকল্পের কর্মীদের জন্য বার্ষিক ইনক্রিমেন্টের ব্যবস্থাও করেছে রাজ্য। ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের ১ জুলাই থেকে প্রতি বছর ১ জুলাই কর্মীদের মাসিক পারিশ্রমিক ৩ শতাংশ করে বাড়ানো হবে। পাশাপাশি, এই প্রকল্পের আওতায় যাঁরা অন্তত ১০ বছর কাজ করেছেন, তাঁদের ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি সুরক্ষিত থাকবে।
ছুটির ক্ষেত্রেও একাধিক নতুন সুবিধা দেওয়া হয়েছে। যোগ্য কর্মীরা বছরে ৩০ দিন ছুটি এবং ১০ দিনের মেডিক্যাল লিভ পাবেন। এছাড়াও মহিলা কর্মীরা ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন এবং অন্যান্য ক্ষেত্রে ৪২ দিনের ছুটির বন্দোবস্ত রাখা হয়েছে।
তবে এই প্রকল্পের চুক্তিভিত্তিক জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা এই নতুন সুযোগ-সুবিধার বাইরে থাকবেন বলে জানানো হয়েছে। বাকি সমস্ত যোগ্য কর্মীর কাছে যাতে এই সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া হয়, সেজন্য নবান্নের তরফে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।