পুবের কলম ওয়েব ডেস্ক: এক বেনজির ঘটনার সাক্ষী হতে চলেছে রাজ্য বিধানসভা। হাই কোর্টের নির্দেশের পর আপাতত শূন্য হয়ে পড়েছে বিধানসভার বিরোধী দলনেতার পদ। আদালত জানিয়েছে, আগামী ১০ দিনের মধ্যে অর্থাৎ ৭ ডিসেম্বরের মধ্যে স্পিকারকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই পদে থাকবেন, নাকি অন্য কেউ বিরোধী দলনেতা হবেন। ততদিন পর্যন্ত এই পদটি কারও নয়। এদিকে আগামী ৪ ডিসেম্বর থেকে বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হয়ে চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

ফলে বিরোধী দলনেতা ছাড়াই এবারের অধিবেশন শুরু হবে কি না, তা নিয়ে জোর প্রশ্ন উঠছে। আর তেমনটা হলে তা হবে এক নজিরবিহীন ঘটনা।
উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর থেকেই পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল। মমতা তৃণমূলের তরফে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়, অন্যদিকে ‘বিদ্রোহী’ শিবির নির্বাচন করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। এই জটিলতা কাটাতে স্পিকার তখন আস্থা ভোটের পথে না হেঁটে নিজেই সিদ্ধান্ত নিয়ে ঋতব্রতকে বিরোধী দলনেতার পদে বসান।
সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শোভনদেব আদালতের দ্বারস্থ হতেই আপাতত পদটি শূন্য হয়ে গিয়েছে এবং ফের নতুন করে সিদ্ধান্ত নেওয়ার ভার পড়েছে স্পিকারের ওপর।
বিধানসভার নিয়মকানুন অনুযায়ী, এই ধরনের জটিল পরিস্থিতি তৈরি হলে সাধারণত আস্থা ভোটের মাধ্যমেই তার সমাধান করা হয়। বর্তমান পরিস্থিতিতে স্পিকারের হাতে দুটি রাস্তা খোলা রয়েছে—হয় আগামী ১০ দিনের মধ্যে তিনি আবার নিজেই সিদ্ধান্ত নিয়ে বিরোধী দলনেতা স্থির করবেন, নয়তো আস্থা ভোটের পথে হাঁটবেন। সেক্ষেত্রে আগামী ৪ ডিসেম্বর শীতকালীন অধিবেশন শুরুর পরপরই তাঁকে আস্থা ভোটের ডাক দিতে হবে এবং সেখানে যিনি সংখ্যাগরিষ্ঠতা পাবেন, তিনিই স্থায়ী বিরোধী দলনেতা হবেন। লোকসভায় এমন সংকট তৈরি হলেও কংগ্রেস একক বৃহত্তম বিরোধী দল হওয়ায় সেখানে আস্থা ভোটের প্রয়োজন পড়েনি। কিন্তু রাজ্য বিধানসভায় মমতা তৃণমূল কিংবা গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস—কারওই একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় আসন্ন অধিবেশনে আস্থা ভোট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।