পুবের কলম ওয়েব ডেস্ক: কেন্দ্রের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল পাশ হওয়া এখন কার্যত সময়ের অপেক্ষা। এই আবহে শুক্রবার দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সিলমোহর দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা। দেশের প্রতিটি রাজ্যেই লোকসভার আসন সংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, আগামী ২৫ বছর অর্থাৎ ২০৫১ সাল পর্যন্ত আসন বণ্টনের এই বিন্যাস অপরিবর্তিত থাকবে এবং ২০৫১ সাল পর্যন্ত ১৯৭১ সালের জনগণনার অনুপাতই বজায় রাখা হবে। তাৎপর্যপূর্ণভাবে, শুক্রবার সকালেই এই শর্তে ডিলিমিটেশন বিলে কেন্দ্রকে সমর্থন জানানোর ইঙ্গিত দিয়েছিল এম কে স্ট্যালিনের দল ডিএমকে।
সেই শর্ত মেনে নেওয়ায় বিলটি পাশ করাতে ডিএমকে-র ২২ জন সাংসদের সমর্থন পেতে কেন্দ্রের আর কোনও বাধা রইল না বলেই মনে করছে রাজনৈতিক মহল।উল্লেখ্য, গত জুলাই মাসে শুরু হওয়া বাদল অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেনি কেন্দ্র। শীতকালীন অধিবেশন দোরগোড়ায় থাকাকালীনই বাদল অধিবেশনের বর্ধিত পর্ব ডাকার ঘোষণা করেছে সরকার। আগামী ৩০ নভেম্বর লোকসভা এবং ২ ডিসেম্বর রাজ্যসভার অধিবেশন শুরু হতে চলেছে। সূত্রের খবর, এই অধিবেশনেই ডিলিমিটেশন বিল পাশ করানোর চেষ্টা করবে মোদি সরকার। প্রসঙ্গত, আসন পুনর্বিন্যাস নিয়ে দক্ষিণ ভারতের দলগুলির মূল আশঙ্কা ছিল, জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল হওয়ার কারণে উত্তর ভারতের তুলনায় দক্ষিণে লোকসভার আসন কম বাড়তে পারে এবং সংসদে তাদের প্রতিনিধিত্ব কমে যেতে পারে। কেন্দ্রের নতুন প্রস্তাবে আগামী ২৫ বছর ১৯৭১ সালের জনগণনার অনুপাত বজায় রাখার কথা বলায় দক্ষিণী রাজ্যগুলির সেই উদ্বেগ অনেকটাই কাটবে বলে ধারণা। গত এপ্রিল মাসে বিশেষ অধিবেশনে দুই-তৃতীয়াংশ সমর্থনের অভাবে বিলটি পাশ করাতে ব্যর্থ হয়েছিল কেন্দ্র; সেবার ওই একই উদ্বেগের কারণে ডিএমকে-সহ দক্ষিণী দলগুলি বিরোধিতা করেছিল। তবে এবার লিখিত আশ্বাস পেলে বিলটি পর্যালোচনা করার কথা জানিয়েছিল স্ট্যালিনের দল।
সংখ্যাবলের অঙ্কেও এখন অনেকটাই স্বস্তিতে শাসক শিবির। এনডিএ সূত্রে খবর, বর্তমানে লোকসভার ৫৪০ জন সাংসদের মধ্যে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য ৩৬০ জনের সমর্থন প্রয়োজন। তৃণমূল এবং উদ্ধব ঠাকরের শিবসেনায় ভাঙন ধরানোর পর এনডিএ-র সংখ্যা পৌঁছেছে ৩১৯-এ। এর সঙ্গে শরদ পওয়ারের এনসিপি এবং ডিএমকে-র সমর্থন যুক্ত হলে সেই সংখ্যা দাঁড়াবে ৩৪৯-এ, ফলে প্রয়োজনীয় লক্ষ্যে পৌঁছাতে আর সামান্য কয়েকটি ভোটেরই দরকার পড়বে। অন্যদিকে, রাজ্যসভায় আম আদমি পার্টি এবং তৃণমূলের ভাঙনের জেরে এনডিএ-র শক্তি দাঁড়িয়েছে ১৫৫-তে। সেখানে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৬৩টি ভোট। পওয়ার ও স্ট্যালিনের দলের সমর্থন মিললে উচ্চকক্ষেও লক্ষ্যমাত্রার আরও কাছাকাছি পৌঁছে যাবে কেন্দ্র।