পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক-এর (সিইও) দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোটার তালিকায় নতুন নাম তোলার দাবি অথবা কোনো আপত্তি জানানোর আবেদনের সময়সীমা ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৭ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে। জমা পড়া সমস্ত দাবি ও আপত্তি নিষ্পত্তির কাজ ১ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পাশাপাশি, আগামী ৩ ডিসেম্বরের মধ্যে ভোটকেন্দ্রগুলোর পুনর্বিন্যাসের কাজ সম্পন্ন করা হবে।
আরও পড়ুন:
২০২৭ সালের সংশোধিত ভোটার তালিকার লক্ষ্যে রাজ্যে ‘বিশেষ সংক্ষিপ্ত সংশোধন’ প্রক্রিয়া শুরু হচ্ছে। এই অভিযানের অঙ্গ হিসেবে কমিশনের তরফে বিশেষ প্রচার কর্মসূচি চালানো হবে আগামী ১৯, ২০, ২৬ ও ২৭ ডিসেম্বর এবং ২, ৩, ৯ ও ১০ জানুয়ারি।
নির্ধারিত এই দিনগুলোতে ‘বুথ লেভেল অফিসার’-রা সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলোতে উপস্থিত থাকবেন। ভোটারদের নাম নথিভুক্তকরণ, দাবি ও আপত্তি দাখিল এবং ভোটার তালিকা সংক্রান্ত অন্যান্য বিষয়ে নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা করবেন তাঁরা।আরও পড়ুন:
উল্লেখ্য, এর আগে ২০ ও ২৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও একাধিকবার তা পিছিয়ে দেওয়া হয়। কমিশন সূত্রে খবর, মূলত ‘বিশেষ নিবিড় সংশোধন’ (SIR) প্রক্রিয়ায় যাঁদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় স্থান পায়নি, তাঁদের নথিপত্র পুনরায় খতিয়ে দেখার কাজ চলছে। প্রয়োজনীয় নথি যাচাই করে যোগ্য ভোটারদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পরেই নির্ধারিত সূচি মেনে তালিকা প্রকাশ করা হবে।