পুবের কলম ওয়েব ডেস্ক: বদলের বাংলায় এবার নতুন নাম পেতে চলেছে কলকাতার একঝাঁক গুরুত্বপূর্ণ রাস্তা। মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া নাম বদল কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রথম দফায় শহরের মোট ১৬টি রাস্তার নাম পরিবর্তন করা হবে। সূত্রের খবর, স্ট্র্যান্ড রোডের নাম বদলে সম্রাট শশাঙ্কের নামে করা হতে পারে। অন্যদিকে, বিশ্ব বাংলা সরণির নাম মহাপ্রভু শ্রী চৈতন্যদেব কিংবা সত্যেন্দ্রনাথ বসুর নামে করার প্রস্তাব কমিটির কাছে পৌঁছেছে। পাশাপাশি কলকাতার রাস্তা থেকে লেনিন, কার্ল মার্কস ও হো চি মিনের মতো বিদেশি নাম মুছে ফেলার সিদ্ধান্ত হয়েছে।
কলকাতা পুরসভায় কমিটির চেয়ারম্যান কার্তিক মহারাজের নেতৃত্বে ১০ সদস্যের এই প্রথম বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত, কলকাতার পুর-কমিশনার স্মিতা পান্ডে এবং রাজ্যের তথ্য ও সংস্কৃতি সচিব সৌমিত্র মোহন-সহ কমিটির অন্যান্য সদস্যরা। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমবঙ্গ তথা ভারতীয় সংস্কৃতির সঙ্গে যাঁদের দূরদূরান্তেও কোনও সম্পর্ক নেই, এমন বিদেশি ব্যক্তিদের নাম শহরের রাস্তা থেকে সরিয়ে ফেলা হবে। পরিবর্তে ভারতের ইতিহাসে অবদান রয়েছে এমন মণীষী ও বিশিষ্ট ব্যক্তিত্বদের নামে রাস্তাগুলির নামকরণে প্রাধান্য দেওয়া হবে। কমিটি সূত্রে জানা গিয়েছে, এমন একাধিক নামের প্রস্তাব ইতিমধ্যেই ইতিহাসবিদ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন মিললে নাম চূড়ান্ত করে রাজ্য সরকারের দপ্তরে পাঠানো হবে এবং এরপর সরকার বিধানসভায় সেই প্রস্তাব পেশ করবে।
নাম পরিবর্তনের প্রস্তাব কারা দিতে পারবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে কমিটির চেয়ারম্যান কার্তিক মহারাজ জানান, সাধারণ মানুষও রাস্তার নাম বদলের প্রস্তাব দিতে পারেন, তবে সেই নামের সপক্ষে যথাযথ যুক্তি থাকতে হবে। অন্যদিকে, জেলার রাস্তাগুলির নাম পরিবর্তনের বিষয়টিও এই কমিটির আওতায় কি না, তা স্পষ্ট করে বিশেষ সদস্য তথাগত রায় জানান, কেবলমাত্র কেএমডিএ এলাকার নাম বদলের দায়িত্বই এই কমিটির হাতে রয়েছে। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর প্রথম ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলে গোপাল মুখার্জি রোড করা হয়েছিল। মহম্মদ আলি জিন্নার ‘ডিরেক্ট অ্যাকশন ডে’ বা প্রত্যক্ষ সংগ্রাম দিবসে কলকাতা ও হাওড়ার রাজপথে রক্তক্ষয়ী পরিস্থিতিতে হিন্দু বাঙালিদের রক্ষা করার নায়ক গোপাল পাঁঠার নামেই সেই প্রথম নামবদল হয়। এবার সেই পথেই শহরের আরও একাধিক রাস্তা নতুন নাম পেতে চলেছে।