আবদুল ওদুদ:;পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়াকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এসআইআর-এ নাম বাদ পড়া এবং সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ নথিপত্র চাইছে বলে অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অধ্যাপক সামিরুল ইসলাম। এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে বলে দাবি করে দেশের মুখ্য নির্বাচন কমিশনারের কাছে জরুরি হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন তিনি। শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনারকে পাঠানো এক চিঠিতে তিনি পুলিশের এই তথাকথিত যাচাই প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং অবিলম্বে তা বন্ধের দাবি জানিয়েছেন।
চিঠিতে সাংসদ জানিয়েছেন, পশ্চিমবঙ্গের একাধিক জেলায় পুলিশকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এমন ভোটারদের কাছ থেকে বিভিন্ন নথি চাইছেন, যাঁদের নাম এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়েছে এবং যাঁদের আবেদন বর্তমানে আপিল ট্রাইব্যুনালে বিচারাধীন। পুলিশের পক্ষ থেকে আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, জন্মের শংসাপত্র, ßুñলের শংসাপত্র, বাবা-মায়ের শিক্ষাগত যোগ্যতার নথি, জমির কাগজপত্র এবং ২০০২ সালের ভোটার তালিকায় নামের ক্রমিক নম্বর চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
চিঠিতে সামিরুল ইসলাম জানিয়েছেন, এই কাজের জন্য পুলিশ একটি সাধারণ কাগজের ফর্ম ব্যবহার করছে, যাতে কোনও সরকারি সিল বা লেটারহেড নেই। গ্রামবাসীরা কেন তাঁদের কাছে এই নথি চাওয়া হচ্ছে, তার ব্যাখ্যা জানতে চাইলে পুলিশ কোনও সরকারি নির্দেশ দেখাতে পারছে না বলেও অভিযোগ।

এমনকি লিখিত নির্দেশ দেখানোর অনুরোধ করা হলেও পুলিশকর্মীরা তা দেখাতে পারছেন না। কিছু আবেদনকারীকে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে থানায় অথবা পুলিশ ক্যাম্পে হাজির হওয়ার কথাও বলা হয়েছে। অন্যদিকে, বুথ লেভেল অফিসারদের (বিএলও) দাবি, তাঁদের এই ধরনের কোনও কর্মসূচি সম্পর্কে জানানো হয়নি।
চিঠিতে উত্তর ২৪ পরগনার ভগবতীচক গ্রামের একটি ঘটনারও উল্লেখ করেছেন রাজ্যসভার সাংসদ। সেখানে স্থানীয় বাসিন্দারা পুলিশের কাছে এই নথি যাচাইয়ের কারণ জানতে চান। ওই ঘটনায় নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য আনিসুর আলি খানকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করে সিবদাসপুর থানায় নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এছাড়া ভগবতীচক সংলগ্ন মাহমুদপুর-ভগবতীচি এলাকায় প্রায় ৩৬০ জন ভোটারের ক্ষেত্রে একই ধরনের নথি যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে অভিযোগ।
অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটস (এপিডিআর)-এর একটি দল পুলিশের কাছে এই কাজের সরকারি নির্দেশ দেখতে চাইলে পুলিশ ওই প্রক্রিয়া বন্ধ করে চলে যায়। ফলে ওই ৩৬০ জন ভোটারের নথি যাচাইয়ের কাজ শেষ হয়নি বলে চিঠিতে দাবি করা হয়েছে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হিসেবে সামিরুল ইসলাম চিঠিতে উল্লেখ করেছেন, এই নথি যাচাইয়ের নির্দেশ কে দিয়েছে, তা নিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে কোনও স্পষ্ট বক্তব্য পাওয়া যাচ্ছে না। তাঁর দাবি, নির্বাচন কমিশনের সূত্র জানিয়েছে, তারা এ ধরনের কোনও নির্দেশ দেয়নি। একইভাবে জেলা প্রশাসনের আধিকারিক, যাঁরা জেলা নির্বাচনী আধিকারিক হিসেবেও দায়িত্ব পালন করেন, তাঁরাও এমন কোনও নির্দেশের কথা জানেন না বলে জানিয়েছেন। পুলিশকর্মীদের কেউ এ বিষয়ে মন্তব্য করতে চাইছেন না, আবার কেউ কিছু জানেন না বলে দাবি করছেন। ফলে নির্বাচন কমিশন বা জেলা নির্বাচনী দপ্তর নির্দেশ না দিয়ে থাকলে পুলিশ কার নির্দেশে এই কাজ করছে, সেই প্রশ্ন তুলেছেন সাংসদ।
চিঠিতে এসআইআর-সংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরে পরিস্থিতির গুরুত্বও ব্যাখ্যা করেছেন তিনি।
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, মোট ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে। তাঁদের মধ্যে ২৭ লক্ষ ২৮ হাজার ৫০০ জনকে ভোটার হওয়ার অযোগ্য ঘোষণা করা হয়েছে এবং ৩২ লক্ষ ৭৭ হাজার ৩৬০ জনকে যোগ্য বলে বিবেচনা করা হয়েছে। 
অন্যদিকে, ১৯টি ট্রাইব্যুনালে মোট ৩৮.৩১ লক্ষ আপিল জমা পড়েছে। এর মধ্যে ২২.২১ লক্ষ আবেদন করেছেন সেই ভোটাররা, যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই বিপুল সংখ্যক আবেদনকারীর মধ্যে বহু দরিদ্র পরিবার রয়েছে। পুলিশের দাবি অনুযায়ী নথি জমা না দিলে ভোটাধিকার হারানোর আশঙ্কায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়ছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এই পরিস্থিতিতে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে চার দফা পদক্ষেপের দাবি জানিয়েছেন সামিরুল ইসলাম। প্রথমত, নির্বাচন কমিশন বা কমিশনের অনুমোদিত কোনও আধিকারিক এই ধরনের নথি যাচাইয়ের নির্দেশ দিয়েছেন কি না, তা ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে জানাতে হবে। দ্বিতীয়ত, মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি এবং সমস্ত জেলাশাসককে অবিলম্বে এই কাজ বন্ধ করার নির্দেশ দিতে হবে এবং ইতিমধ্যে বিতরণ করা সমস্ত ফর্ম ও নোটিস প্রত্যাহার করতে হবে। তৃতীয়ত, কার নির্দেশে এই কাজ শুরু হয়েছে, তা নির্ধারণের জন্য তদন্ত করতে হবে এবং গ্রেপ্তার হওয়া গ্রাম পঞ্চায়েত সদস্য আনিসুর আলি খানের গ্রেপ্তারের ঘটনাটিও পর্যালোচনা করতে হবে। চতুর্থত, বুথ লেভেল অফিসার এবং ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের মাধ্যমে আবেদনকারীদের আশ্বস্ত করতে হবে এবং তাঁদের মধ্যে ছড়ানো বিভ্রান্তি দূর করতে প্রয়োজনীয় নির্দেশ দিতে হবে।