পুবের কলম প্রতিবেদক, বহরমপুর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় নাম বাদ পড়া ভোটারদের নথিপত্র সংগ্রহ এবং থানায় তলব করার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে এবার সরাসরি রাজ্য সরকার ও প্রশাসনকে তীব্র আক্রমণ করলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ তথা প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। কোনো লিখিত সরকারি নির্দেশিকা ছাড়া পুলিশ বা সিভিক ভলান্টিয়ারদের হাতে ব্যক্তিগত নথি তুলে না দেওয়ার জন্য মুর্শিদাবাদের সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছেন তিনি।

এদিন বহরমপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর রঞ্জন চৌধুরী প্রশাসনের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তোলেন। তিনি বলেন, নির্বাচন কমিশন ও ট্রাইব্যুনালের পর এবার মুর্শিদাবাদসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের বাড়ি বাড়ি হানা দিচ্ছে পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। কোনো লিখিত বিজ্ঞপ্তি বা আইনি অধিকার ছাড়াই নাগরিকদের সার্টিফিকেট ও জমির দলিল চাওয়া হচ্ছে, এমনকি দিনে-রাতে থানায় ডেকে পাঠানো হচ্ছে।

প্রশাসনিক এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে অধীর কটাক্ষের সুরে বলেন, "আমি জানি না এটা পুলিশের কাজ কি না! বিএলও বা বিডিও-এসডিওদের এই কাজে দেখা যাচ্ছে না। যে ভোটার তালিকা বিডিও-এসডিওরা তৈরি করেছিল, এবার কি তবে পুলিশ ভোটার তালিকা তৈরি করবে? একটা সিভিক ভলান্টিয়ার কি নির্বাচন কমিশনার হয়ে গিয়েছে যে সে সাধারণ মানুষের ব্যক্তিগত নথিপত্র চাইবে?" অধীরের অভিযোগ, বাংলার প্রায় ২৭ লক্ষ মানুষের নাম বর্তমানে ট্রাইব্যুনালে বিচারের অপেক্ষায় ঝুলে রয়েছে। অথচ সুপ্রিম কোর্টের নির্দেশকে উপেক্ষা করে বাদ পড়া ভোটারদের সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে।