পারভেজ হোসেন: দীর্ঘদিনের দৌড়ঝাঁপের পর অবশেষে কিছুটা স্বস্তি পেলেন দিনহাটার চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের খাটামারির বাসিন্দা আবদুল হাবিব। সন্তানের জন্ম শংসাপত্রের জন্য প্রায় তিন মাস ধরে বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরেও সুরাহা হচ্ছিল না তাঁর। সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসতেই তৎপর হয় প্রশাসন। বৃহস্পতিবার বিডিও দপ্তর থেকে তাঁর হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় রেসিডেন্সিয়াল শংসাপত্র।


সেই শংসাপত্র নিয়ে শুক্রবার সকালে দিনহাটা মহকুমা হাসপাতালে হাজির হন আবদুল। হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগে প্রয়োজনীয় নথিপত্র জমা নেওয়ার পাশাপাশি তাঁকে একটি রিসিভ কপিও দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, আগামী দেড় মাসের মধ্যে অনলাইনে জন্ম শংসাপত্র পেয়ে যাবেন তিনি। দীর্ঘদিনের ভোগান্তির পর এই আশ্বাস পেয়ে স্বাভাবিকভাবেই খুশি আবদুল হাবিব।
তাঁর কথায়, "আমাকে যেভাবে হয়রানির শিকার হতে হয়েছে, এমন অভিজ্ঞতা যেন আর কোনও পরিবারকে না হয়।"
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর দিনহাটা মহকুমা হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন আবদুলের স্ত্রী। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর জন্ম শংসাপত্রের জন্য যোগাযোগ করলে তাঁকে রেসিডেন্সিয়াল শংসাপত্র জমা দিতে বলা হয়। এরপর সেই নথির জন্য স্থানীয় পঞ্চায়েত, প্রধান, অঞ্চল অফিস, বিধায়কের দপ্তর থেকে শুরু করে বিডিও অফিস পর্যন্ত একাধিক জায়গায় ঘুরতে হয় তাঁকে।
কিন্তু কোনও জায়গা থেকেই সমস্যার দ্রুত সমাধান হয়নি। অবশেষে সংবাদমাধ্যমে বিষয়টি উঠে আসতেই প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়।
অন্যদিকে, শিশুর জন্ম শংসাপত্র পেতে এই ধরনের হয়রানির শিকার হওয়া পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবাধিকার রক্ষা সংগঠন এপিসিআর। শুক্রবার প্রয়োজনীয় নথি জমা দিয়ে রিসিভ কপি হাতে পাওয়ার পর এপিসিআর ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়েছেন আবদুল হাবিব।
তবে এই ঘটনায় একটি প্রশ্ন থেকেই যাচ্ছে, একজন সাধারণ মানুষকে সন্তানের জন্ম শংসাপত্রের মতো গুরুত্বপূর্ণ নথি পেতে কেন তিন মাস ধরে এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘুরতে হবে? সংবাদ প্রকাশের পরেই যদি প্রশাসনিক তৎপরতা দেখা যায়, তাহলে আগে কেন এই উদ্যোগ নেওয়া হলো না? তা নিয়েও উঠছে প্রশ্ন।