পুবের কলম ওয়েবডেস্ক, পড়াশোনার অতিরিক্ত চাপ, একাকিত্ব ও মানসিক উদ্বেগ থেকে পড়ুয়াদের আত্মহত্যার ঘটনা রুখতে দেশের আইআইটি, আইআইএম-সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে একাধিক পদক্ষেপের নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। শুধু পরীক্ষার ফল নয়, পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দিতে বলা হয়েছে। শিক্ষকদের আরও সহানুভূতিশীল হওয়ার পাশাপাশি হস্টেলে সামাজিক যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছে কেন্দ্র।

প্রাক্তন অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের চেয়ারম্যান অধ্যাপক অনিল সাহস্রবুদ্ধে-র নেতৃত্বাধীন কমিটির সুপারিশ মেনে এই নির্দেশ পাঠিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা বিভাগ।

আইআইটি, আইআইএম, এনআইটি, আইআইআইটি, আইআইএসইআর এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির প্রধানদের কাছে তা পাঠানো হয়েছে।

কমিটির মতে, হস্টেলে একাকিত্ব পড়ুয়াদের মানসিক উদ্বেগ বাড়াতে পারে। তাই সাংস্কৃতিক অনুষ্ঠান, দলীয় আড্ডা, বিষয়ভিত্তিক সন্ধ্যা ও একসঙ্গে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে। পড়াশোনার বাইরেও খেলাধুলা ও অন্যান্য দক্ষতার স্বীকৃতি দিতে বলা হয়েছে।

শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ, প্রথম বর্ষ থেকেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং ঝুঁকিতে থাকা পড়ুয়াদের চিহ্নিত করতে গোপনীয় ব্যবস্থা তৈরির সুপারিশও রয়েছে।

তবে আইআইটি খড়্গপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক রাজীব কুমারের মতে, এতে শিক্ষকদের কাজের চাপ বাড়তে পারে। অন্যদিকে, আইআইটি প্রাক্তনীদের সংগঠনের প্রতিষ্ঠাতা ধীরজ সিংয়ের দাবি, ২০২৩ সালের নির্দেশিকার পরও আইআইটিগুলিতে অন্তত ৫৪ জন পড়ুয়ার আত্মহত্যা বা অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁর মতে, নতুন নির্দেশিকার চেয়ে পুরনো নিয়মের যথাযথ প্রয়োগ ও জবাবদিহি বেশি জরুরি।