পুবের কলম ওয়েবডেস্ক, কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (এসআরএফটিআই) পড়ুয়াদের আন্দোলন দমনে পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠল। শনিবার, ২৮ নভেম্বর, সকাল ৭টা নাগাদ বিশাল পুলিশ বাহিনী ক্যাম্পাসে ঢুকে আন্দোলনস্থল সরিয়ে দেয়। গত ৬২ দিন ধরে সেখানে ধর্না চালাচ্ছিলেন পড়ুয়ারা। পুলিশের এই পদক্ষেপের প্রতিবাদে ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। শুরু হয় বচসা ও ধস্তাধস্তি।

পড়ুয়াদের অভিযোগ, তাঁদের বাধা উপেক্ষা করে ধর্নামঞ্চ ভেঙে দেওয়া হয়। আসবাবপত্র ও আন্দোলনের অন্যান্য সামগ্রী দু’টি পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। কয়েকজন পড়ুয়া ভ্যানের সামনে শুয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন। তাঁদের টেনেহিঁচড়ে সরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। ঘটনার ছবি ও ভিডিয়ো করার সময় কয়েকজনের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলেও দাবি পড়ুয়াদের।

এই অচলাবস্থার সূত্রপাত গত ২৭ সেপ্টেম্বর। আরএসএস-ঘনিষ্ঠ অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে পড়ুয়াদের সঙ্গে সংগঠনের সদস্যদের সংঘর্ষ হয়। পড়ুয়াদের অভিযোগ, বহিরাগতদের হামলার পরেও তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। এরপর থেকেই উপাচার্য সন্তোষ আজমেরার পদত্যাগ, বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার এবং ক্যাম্পাস থেকে পুলিশ সরানোর দাবিতে আন্দোলন চলছে।

অন্যদিকে, ইনস্টিটিউট কর্তৃপক্ষের দাবি,  বারবার নির্দেশ দেওয়ার পরেও জায়গা খালি না করায় আদালতের হস্তক্ষেপে পুলিশ কাঠামো সরিয়েছে।