বঙ্গে ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজ। বুধবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় হালকা শীতের অনুভূতি শুরু হয়েছে। আগামী কয়েকদিন এই আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে শীতের আসল দাপট শুরু হতে পারে আগামী সপ্তাহে।

আবহাওয়াবিদদের পূর্বাভাস, আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে শেষের দিকে রাজ্যের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। আপাতত শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রির আশপাশেই থাকার সম্ভাবনা। তবে আগামী সপ্তাহে পারদ আরও নেমে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে।

এদিন দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে খড়্গপুরে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, উত্তরবঙ্গের সমতল এলাকার মধ্যে কোচবিহারে পারদ নেমেছে ১৩.৬ ডিগ্রিতে। পাহাড়ি শহর দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ শেষ পর্যন্ত শক্তি বাড়িয়ে তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে গেলে রাজ্যে উত্তুরে হাওয়া সক্রিয় হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। এর ফলে তাপমাত্রা আরও কমার পাশাপাশি শীতের আমেজও বাড়বে।

এদিকে, আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও অনেকটাই কমেছে। কলকাতায় সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা নেমে এসেছে ৬০ শতাংশে।