পুবের কলম ওয়েবডেস্ক, ঋণের টাকা শোধ করতে না পারায় টানা ১৪ বছর ধরে বন্দি অবস্থায় কাজ করতে হয়েছে আটটি পরিবারকে। সপ্তাহে মজুরি মিলত মাত্র ৬০০ টাকা। দিনে ১২ ঘণ্টা পরিশ্রম করেও ঋণ মেটেনি। উল্টে সুদের বোঝা বেড়েছে বলে অভিযোগ। অবশেষে বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, তেলেঙ্গানার হনুমাকোন্ডা জেলার কামালাপুরে দুটি সিমেন্টের ইট ও রিং তৈরির কারখানায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করেন সরকারি আধিকারিকরা।
আরও পড়ুন:
পরিবারগুলি অন্ধ্রপ্রদেশের নেল্লোর থেকে ২০১২ সালে কাজের খোঁজে সেখানে এসেছিল। কারখানার মালিকের কাছ থেকে যাতায়াত ও সংসারের খরচ চালাতে ৩০ হাজার থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত ধার নিয়েছিলেন তাঁরা। অভিযোগ, সেই ঋণ শোধ করতে না পারায় তাঁদের কারখানায় আটকে রেখে কাজ করানো হতো। বাইরে যাওয়া এবং পরিবারের সঙ্গে যোগাযোগের উপরেও বিধিনিষেধ ছিল। কাজে আপত্তি জানালে মারধরের অভিযোগও উঠেছে।
আরও পড়ুন:
২৮ নভেম্বরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, উদ্ধার হওয়া ২৫ জনের মধ্যে ৯ জন শিশু। তাঁদের মধ্যে কয়েকজনের জন্মও হয়েছে কারখানার চৌহদ্দিতে। শুক্রবার জেলা প্রশাসন ১৬ জনকে মুক্তির শংসাপত্র দিয়েছে। তাঁদের বাড়ি ফেরানোর জন্য গাড়ি, খাবার ও শিশুদের দুধের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন:
জেলা প্রশাসনের নির্দেশে কারখানার মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়েছে। বন্ডেড লেবার ব্যবস্থা বিলোপ আইন এবং শিশুশ্রম সংক্রান্ত আইনেও ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।